নতুন নতুন আবিষ্কারসহ বিজ্ঞানের নানাবিধ ব্যবহার বিষয়ে নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে জানার এবং বিজ্ঞানের প্রতি তাদেরকে উৎসাহিত করার জন্য বিজ্ঞান মেলার বিকল্প নেই। গতকাল শনিবার পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞানমেলার। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণির ষোলো শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশগ্রহণ করে।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ এবং বাস্তব সমস্যার সমাধানের জন্য গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘কী’, ‘কেন’ এবং ‘কীভাবে’ইত্যাদি মৌলিক প্রশ্ন থেকেই প্রকৃত অনুসন্ধান, কৌতূহল এবং গবেষণার যাত্রা শুরু হয়। প্রধান অতিথি উল্লেখ করেন প্রতিটি মানুষ নিজস্ব স্বকীয়তায় অনন্য এবং চিন্তার এই বৈচিত্র্যই জটিল সমস্যার নতুন ও কার্যকর সমাধান খুঁজে পেতে সাহায্য করে। বিজ্ঞান ও গবেষণার আলো ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে দক্ষ ‘প্রবলেম সলভার’ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নতুন উদ্ভাবনে আরও সাহসী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান ।
উদ্বোধনের পরপরই দর্শনার্থী–অভিভাবকদের পদচারণায় মেলায় প্রদর্শিত হয় ৩৮০টি প্রজেক্ট। উল্লেখ্য, বিজ্ঞানমেলা উপলক্ষে গত ২২ নভেম্বর বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে প্রেসিডেন্সি স্কুল। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ১২৮২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, পরিচালকবৃন্দ, স্কুল উপাধ্যক্ষগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












