স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ, উদ্ভাবনী চিন্তা এবং বহুমাত্রিক অংশীদারত্ব জোরদারের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণদের আরো সক্রিয়, দায়িত্বশীল ও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড.হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়ন কেবল নীতিনির্ধারণী পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর প্রকৃত অগ্রগতি নির্ভর করে স্থানীয় পর্যায়ে মানুষের সক্রিয় অংশগ্রহণ, জনগণের প্রয়োজনভিত্তিক উদ্যোগ, তরুণদের সৃজনশীল চিন্তা এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক অংশীজনের কার্যকর সহযোগিতার ওপর।
তিনি গতকাল শনিবার এসডিজি ইয়ুথ ফোরাম আয়োজিত এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশনের ক্যাম্পেইনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. কে. এম. হাসান রিপন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, গবেষক ওমর ফারুক, অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য জামসেদ আল যুবাইদী, রুথ শ্রাবণী জয়ধর প্রমুখ। উল্লেখ্য,আগামী ২০ থেকে ২৬ ডিসেম্বর চট্টগ্রামে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে ‘এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৬’।










