চট্টগ্রামে মেইল ট্রেনে আগুন, পুড়েছে দুই আসন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের দুটি আসনে আগুন ধরেছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ধারণা, দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রেলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ট্রেনটির যাত্রা বিলম্বিত হয়।

গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরের কদমতলী আউটার এলাকায় পোস্তারপাড়ের কাছাকাছি এ ঘটনা ঘটে। ওয়াশপিট থেকে স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির দুটি আসনে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মো. সালামত উল্লাহ বলেন, কদমতলীর আগে পোস্তারপাড় এলাকায় ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে ট্রেনটি স্টেশনে ফেরার পর দুটি আসন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত আগুন নেভানো হয়। রেলকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, স্টেশনে প্রবেশের আগে ট্রেনটি প্রায় ৫০ মিনিট ধরে সিগন্যালের ছাড়পত্রের অপেক্ষায় ছিল। এ সময়ের মধ্যেই দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।

ঢাকা মেইল ট্রেনটি প্রতিদিন রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তবে আগুনের ঘটনার কারণে ট্রেনটির যাত্রা বিলম্বিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকাশিমপুর কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুবলীগ নেত্রীর