চমেক হাসপাতালে কেএসআরএমের আরও দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আরও দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন দিয়েছে শিল্পগ্রুপ কেএসআরএম। জার্মানিতে তৈরি ৪০০৮এস মডেলের মেশিন দুটি যুক্ত হওয়ায় হাসপাতালটির ডায়ালাইসিস সেবার সক্ষমতা আরও বাড়বে। গতকাল শনিবার চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার কেএসআরএমের পক্ষ থেকে মেশিন দুটি চমেক হাসপাতালে হস্তান্তর করা হয়। খবর বাসসের।

তিনি জানান, চমেক হাসপাতালে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপ কেএসআরএম। তাদের দেওয়া অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনগুলো কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এসব চিকিৎসা সরঞ্জামের সহায়তায় রোগীরা কম খরচে উন্নত সেবা পাবেন। এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সমাজের অন্যান্য বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে কেএসআরএম। ওই সময় চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল–টাইম ফোরডি আলট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেন কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।

নতুন করে আরও দুটি ডায়ালাইসিস মেশিন যুক্ত হওয়ায় চমেক হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতার ধারাবাহিকতা আরও জোরালো হলো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দর এলাকায় আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড