চট্টগ্রামের ১০০ স্পটে বিএনপির অবস্থান, আ. লীগকে প্রতিহত করার ঘোষণা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৪:৫৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ ও দেশকে অস্থিতিশীল করার ‘অপচেষ্টার’ প্রতিবাদে চট্টগ্রাম নগরের প্রায় ১০০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতে হামলা-মামলার মধ্যেও তাঁরা রাজপথে ছিলেন, কখনো ছেড়ে যাননি। আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে তাঁরা রাজপথে আছেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় থাকবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।

এদিকে নগরের লালখান বাজার এলাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা দেশের অন্য কোনো অঞ্চলে করা হলে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে। তাঁর অভিযোগ, গোপালগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। একটি গোষ্ঠী ‘বিদেশি ষড়যন্ত্রের’ অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। ছবি আজাদী

গত শনিবার রাতে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলায় যাওয়ার পথে কয়েকজনকে গণধোলাই দেওয়ার প্রসঙ্গ টেনে নাজিমুর রহমান বলেন, ‘গণধোলাই থেকে বাঁচতে চাইলে এসব অপকর্ম থেকে সরে আসুন।’

তিনি আরও বলেন, ‘তথাকথিত লকডাউনের’ নামে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এর প্রতিবাদেই বিএনপি অবস্থান কর্মসূচি পালন করছে। যারা অগ্নিসন্ত্রাস করছে, মানুষের ঘরবাড়ি ও যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন।

নাজিমুর রহমান আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকা ও গ্রামগঞ্জ থেকে লোকজন শহরে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, গতকাল বা গত পরশু যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকেই এই শহরের বাসিন্দা নন। তাঁদের ধারণা, তাঁরা অন্য এলাকা থেকে এসে এসব কাজে জড়িয়েছেন।

নাজিমুর রহমান বলেন, জনসচেতনতা তৈরি ও মানুষের কল্যাণে বিএনপি কাজ করলে জনগণ দলটির পাশে থাকবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জনগণই প্রতিরোধ করবে।

নগরের লালখান বাজার, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া এক্সেস রোড ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায ঘুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ