কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন থেকে গ্যাস উদ্গিরণ হওয়া স্থানে এবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে দায়িত্বরত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মকর্তা ও মেকানিক আহত হয়েছেন।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের ডিজিএম আব্দুস ছালাম। তিনি জানান, গত ২৭ নভেম্বর চূড়ান্তভাবে আগুন নেভানোর পর সেখানে সার্ভেসহ অন্যান্য কাজ চলছিল। এরই অংশ হিসেবে আজও তাঁরা কাজ করছিলেন। কাজ চলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।
এ ঘটনায় বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ, রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন বলে জানান আব্দুস ছালাম।
গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে আগুন ধরে যায়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। টানা এক মাস জ্বলার পর গত শুক্রবার সকালে বাপেক্স কারিগরি কৌশলে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপের মাধ্যমে গ্যাসের উদ্গীরণ প্রায় ৪০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়। তখন বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছিলেন, গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করতে আরও চার-পাঁচ দিন লাগতে পারে। এরপর ওই এলাকায় সম্ভাব্য মজুত অনুসন্ধানের প্রস্তুতি শুরু হয়।











