পার্বত্য চট্টগ্রামে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিতে হবে

খাগড়াছড়িতে মতবিনিময়ে পার্বত্য মন্ত্রী

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ি–বাঙালি নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখার ওপর জোর দিয়েছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর আয়কর মওকুফ করে সরকার পাহাড়ের মানুষের প্রতি যে ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম। পার্বত্য চট্টগ্রামে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি গতকাল শনিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি–বেসরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া। বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ ত্রিপুরা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, তথ্য অফিসার বেলায়েত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবীর, আবদুর রব রাজা ও সাংবাদিক সমীর মল্লিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মান ও সংখ্যার মধ্যে কৃত্রিম বিরোধ ও ফারাক তৈরি করা হচ্ছে
পরবর্তী নিবন্ধজেলে পরিবারের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে জেলা প্রশাসন