কক্সবাজার শহরে রাতের আঁধারে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ শহরের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে এসব বিস্ফোরণ হয়। শনিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিভিন্ন সময়ে বিস্ফোরণ ঘটানো হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের অন্যতম লক্ষ্য ছিল শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়। অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে থেকে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় ফটকে দায়িত্বে ছিলেন দুই নিরাপত্তারক্ষী। তাঁদের একজন জানান, হঠাৎ দেয়ালের ওপাশ থেকে কিছু একটা ছুড়ে মারার পর বিকট শব্দ হয়। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আরআরআরসি কার্যালয় ছাড়াও একই সড়কে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয় ও বাণিজ্য মেলার প্রবেশপথে বিস্ফোরণ হয়। এ ছাড়া বাহারছড়ায় সিভিল সার্জনের কার্যালয় এবং হিল ডাউন সার্কিট হাউস এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পরপর গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন জড়িত বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘নাশকতা ও সহিংসতা প্রতিরোধে শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অব্যাহত রয়েছে গোয়েন্দা নজরদারি। নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।











