বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস আজ। বিশ্বব্যাপী স্নায়বিক রোগ ও চলাচলজনিত সমস্যার বিষয়ে সচেতনতা বাড়াতে ২৯ নভেম্বর পালিত হয় বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার ধারণার চেয়েও বেশি প্রচলিত’ (মোর কমন দ্যান ইউ থিংক)। ২০২২ সাল থেকে ২৯ ডিসেম্বর বিশ্ব মুভমেন্ট দিবস পালিত হয়ে আসছে। ফরাসি স্নায়ুরোগ বিশেষজ্ঞ জ্যাঁ–মার্টিন শারকোর জন্মদিন উপলক্ষে দিবসটি ২৯ নভেম্বর প্রচলন করা হয়।
দিবসটি উপলক্ষে স্নায়ুরোগ বিশেষজ্ঞরা সচেতনতার উপর গুরুত্বারোপ করে কাঁপুনি, চলাচলে ধীরগতি, ভারসাম্যহীনতা কিংবা অনৈচ্ছিক নড়াচড়া–এসব উপসর্গকে বয়সের স্বাভাবিক সমস্যা বা সাধারণ দুর্বলতা ভেবে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন।
মুভমেন্ট ডিসঅর্ডার বা চলাচলজনিত ব্যাধি হচ্ছে স্নায়ুতন্ত্রের এমন এক ধরনের সমস্যা, যা শরীরের স্বাভাবিক নড়াচড়া নিয়ন্ত্রণের ক্ষমতাকে প্রভাবিত করে। এর ফলে শরীরের নড়াচড়া ধীর হয়ে যাওয়া, হাত–পা কাঁপা, পেশি শক্ত হয়ে যাওয়া, ভারসাম্য হারানো, অস্বাভাবিক ভঙ্গি কিংবা অনৈচ্ছিক নড়াচড়া দেখা দিতে পারে। এসব রোগের প্রভাব শুধু চলাফেরার মধ্যেই সীমাবদ্ধ নয়, ঘুমের সমস্যা, কথা বলা ও খাবার গিলতে অসুবিধা, স্মৃতিশক্তি ও চিন্তাভাবনায় পরিবর্তন, মানসিক সমস্যা, ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গও দেখা দিতে পারে।
আন্তর্জাতিক পারকিনসন অ্যান্ড মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটির (এমডিএস) উদ্যোগে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্যের মাধ্যমে রোগগুলো যে ধারণার চেয়েও বেশি মানুষের মধ্যে দেখা যায় এবং অনেক ক্ষেত্রে দীর্ঘদিন শনাক্ত না হওয়ায় রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন, সেই বিষয়টি সামনে আনা হয়েছে। দিবসটির লক্ষ্য রোগ সম্পর্কে ভুল ধারণা দূর করা, আক্রান্ত ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও সহমর্মিতা নিশ্চিত করা এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে পারকিনসন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বের এক কোটিরও বেশি মানুষ পারকিনসন রোগে আক্রান্ত। গত ২৫ বছরে এ রোগের প্রকোপ দ্বিগুণ হয়েছে। পারকিনসন রোগের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৫৮ লাখ মানুষ স্বাস্থ্যকর জীবন হারিয়েছে এবং এ রোগে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ২৯ হাজার। আক্রান্তদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হলেও তরুণদেরও এ রোগ হতে পারে। পুরুষদের মধ্যে আক্রান্ত হওয়ার হার নারীদের তুলনায় বেশি।
মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে পারকিনসন ছাড়াও এসেনশিয়াল ট্রেমর, ডিস্টোনিয়া, অ্যাটাঙিয়া, টিক ডিসঅর্ডার, কোরিয়া, রেস্টলেস লেগস সিনড্রোম এবং বিভিন্ন কারণে সৃষ্ট অনৈচ্ছিক নড়াচড়ার সমস্যা রয়েছে। এসেনশিয়াল ট্রেমরে সাধারণত হাত ব্যবহার করার সময়, কোনো কিছু ধরতে গেলে, লিখতে গেলে বা খাবার খাওয়ার সময় কাঁপুনি বেশি দেখা যায়। কারও কারও মাথা কিংবা কণ্ঠস্বরেও কাঁপুনি হতে পারে। এই কাঁপুনিকে অনেকেই বার্ধক্য, মানসিক চাপ কিংবা দুর্বলতার সমস্যা মনে করে এড়িয়ে যান। অথচ এটি একটি স্বতন্ত্র স্নায়বিক রোগ হতে পারে।
বাংলাদেশে মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসার ক্ষেত্রে রোগ শনাক্তকরণ, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা, দীর্ঘমেয়াদি ওষুধের ব্যয় এবং আধুনিক চিকিৎসার সংকট রয়েছে। গত বছর এ ধরনের রোগের চিকিৎসা ও সচেতনতা নিয়ে বিশেষজ্ঞদের এক আলোচনায় জানানো হয়েছিল, জাতীয় নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকে প্রতি সপ্তাহে ৬০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নেন।
বিশেষজ্ঞদের মতে, মুভমেন্ট ডিসঅর্ডার নির্ণয়ের ক্ষেত্রে রোগীর উপসর্গ, রোগের ইতিহাস, শারীরিক ও স্নায়বিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা, এমআরআই, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়ে থাকে। সব ধরনের কাঁপুনি পারকিনসন রোগের লক্ষণ নয়। থাইরয়েডের সমস্যা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, স্ট্রোক, অন্যান্য স্নায়বিক রোগ কিংবা মানসিক চাপের কারণেও কাঁপুনি ও অস্বাভাবিক নড়াচড়া দেখা দিতে পারে। তাই নিজে নিজে রোগ নির্ণয় বা ওষুধ গ্রহণ না করে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।











