চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ, টার্মিনাল এলাকায় শৃঙ্খলা রক্ষা এবং দোকানপাট ও লাউঞ্জের খাবারের মান ও মূল্যতালিকা যাচাইয়ে গত কয়েকদিন ধরে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
অভিযানে আইন অমান্য করায় ১৫ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে বিমানবন্দরে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের বিভিন্ন দোকানপাট ও লাউঞ্জের খাবারের মান এবং মূল্যতালিকা যাচাই ও টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে আজসহ বিগত কয়েকদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও আনসার সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের আওতায় পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারায় আইন অমান্য করায় ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অপর দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত এবং বিমানবন্দরের অন্যান্য সেবা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।












