চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার রজতজয়ন্তী উৎসব গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সমবেত বেহালা পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। ভায়োলিনিস্ট চট্টগ্রামের শিল্পীদের সমবেত বেহালা পরিবেশনায় শুরু হয় দিনের অনুষ্ঠানমালা। পরিচালনায় ছিলেন বেহালাশিল্পী প্রিয়তোষ বড়ুয়া। এরপর বেহালায় আশীষ বসাক ও বাঁশিতে সুমন কুমার নাথ যৌথভাবে পরিবেশন করেন পিলু রাগে ধুন। তবলায় ছিলেন সুরজিৎ সেন। সঞ্চালনায় ছিলেন–বাচিকশিল্পী প্রবীর পাল ও আঁখি মজুমদার। বর্ণিল সাজে ঢাক–ঢোল ও বাদ্যযন্ত্রের তালে বের হয় রজতজয়ন্তীর আনন্দ শোভাযাত্রা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। মূল মঞ্চের সামনে ঢোলের তালে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন শিবু জলদাসসহ অন্য বাদকরা। এ সময় শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উচ্ছ্বাসে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রবীর কুমার দত্ত সাজু, সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের সদস্যসচিব সংকলন বড়ুয়া। চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভয়েস হান্ট সিজন –৩ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ। সংগীত ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত ছয় গুণী শিল্পীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। দ্বিতীয় অধিবেশনে ছিল সমবেত সংগীত, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। ভয়েস হান্ট সিজন–৩–এর বিজয়ী শিল্পীদের পরিবেশনার পাশাপাশি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
এরপর নৃত্য, বৃন্দ আবৃত্তি এবং ঢাকা ও চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। শেষে ব্যান্ড সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন। সন্ধ্যায় শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আহ্বায়ক প্রবীর কুমার দত্ত সাজুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কবি–সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ, চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়। স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের সদস্যসচিব সংকলন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












