গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে সাতকানিয়ার কেরানিহাটে মিছিল ও সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য, দক্ষিণ জেলা। গত ৫ আগস্ট আয়োজিত এই মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাইয়ের ছাত্রজনতার জীবন ও রক্তদানের মাধ্যমে বাংলাদেশ এক অভিশপ্ত ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। অসংখ্য মানুষ এই মুক্তির আন্দোলনে ত্যাগ স্বীকার করেছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের সেই অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। আর সেই সুযোগে পেশিশক্তি ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের বৃথা স্বপ্ন দেখছে। গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে। গণভোটের রায় মেনে না নিলে গণরোষের জন্য প্রস্তুত থাকুন। জুলাই নিয়ে বিভাজন তৈরি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক বড়ো অশনিসংকেত। গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য দেন, দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা নেছার উদদীন, দক্ষিণ জেলার এলডিপির সেক্রেটারি গোলাম কিবরিয়া শিমুল। দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, এনসিপি নেতা সিফাত হোসেন, এবি পার্টির জায়েদ হোসেন, জামায়াতের মাওলানা আবুল ফয়েজ, আ ক ম ফরিদুল আলম, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, সাংগু থানা আমির মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌর আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, কেরানীহাট সেক্রেটারি আবদুল মালেক, পৌরসভা সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া যেতে ভুয়া এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইকমিশন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, ব্লক বসানোর দাবি