খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, রাখাল আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে। আটক শরিফ হোসেন ওই এলাকার বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির খামারে গরুর রাখাল ও ঘাস কাটার কাজ করে। ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে শরিফ তাকে একা পেয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম বিষয়টি তার সহপাঠী ও স্কুল শিক্ষিকাকে জানায়। শিক্ষিকা স্থানীয়দের বিষয়টি অবহিত করলে তারা অভিযুক্ত শরিফকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর সেবাবর্ষের ১ম সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসির সঙ্গে শ্রীলঙ্কার আইসিএসটির সমঝোতা স্মারক স্বাক্ষর