চন্দনাইশে ভিমরুলের কামড়ে মো. ইয়াছিন আরহাম রাহীম (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে বাড়ির উঠানে খেলার সময় একঝাঁক ভিমরুলের আক্রমণের শিকার হয় সে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাহীম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছোট ছেলে। সে বহরমপাড়া আজিজিয়া মাদরাসার নূরানী শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেল চারটার দিকে বাড়ির উঠানে খেলছিল রাহীম। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শরীর থেকে ভিমরুল সরিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে রাহীমের মৃত্যু হয়।
রাহীমের চাচা মো. কুতুব উদ্দিন হাসান বলেন, প্রতিদিনের মতো বাড়ির উঠানে ও আশপাশে খেলছিল রাহীম। হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে প্রবাসী খোরশেদ আলম দেশে ফিরছেন। তিনি দেশে পৌঁছানোর পর রাহীমের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।












