যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইসরায়েল ও লেবানন শত্রুতার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি বৃহত্তর চুক্তির আশাকে জোরদার করেছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও লেবাননের লড়াইয়ের অবসান ঘটানোর শর্ত দিয়েছে ইরান। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়েছে, ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতি ইরানের মিত্র হিজবুল্লাহর পক্ষ থেকে গোলাবর্ষণ সম্পূর্ণভাবে বন্ধ করার ও দক্ষিণ লিটানি সেক্টর থেকে তাদের সব কর্মীকে সরিয়ে নেওয়ার শর্তের ওপর নির্ভরশীল। ইরান যুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপটের একটি অংশ হিসেবে ২ মার্চ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়। লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাকে দমন করার জন্য ইসরায়েলি বাহিনী লেবাননে আক্রমণ শুরু করে। গত মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও শত্রুতা থামেনি। বুধবার দক্ষিণ লেবাননে ও বৈরুতের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়।











