চিকিৎসকদের নিষেধ উপেক্ষা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পরামর্শে মৃগী রোগের ওষুধ ধীরে ধীরে বন্ধ করে দিয়েছিলেন এক সফটওয়্যার প্রকৌশলী। শেষ পর্যন্ত এআইয়ের ওই ভুল ও বিভ্রান্তিকর পরামর্শের খেসারত দিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ওই তরুণী। খবর বিডিনিউজের।
ঘটনায় লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ার অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তার মা–বাবা। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, ওই নারী নিজের খিঁচুনি রোগ বা মৃগী রোগের চিকিৎসার জরুরি ওষুধ চ্যাটজিপিটির পরামর্শে ধীরে ধীরে বন্ধ করে দিয়েছিলেন এবং বিষয়টি চিকিৎসকদের কাছ থেকেও লুকিয়েছিলেন। বোয়েন ওয়ান (৩১) নামের ওই সফটওয়্যার প্রকৌশলীকে গেল ফেব্রুয়ারিতে তার নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সাডেন আনএক্সপেক্টেড ডেথ ইন এপিলেপসি বা মৃগী রোগে আকস্মিক মৃত্যু।












