নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের পাশে আরব জোট, সমর্থন দেবেন বাইরে থেকে

৯০ শতাংশ ভোট গণনায়ও সংখ্যাগরিষ্ঠতা নেই, ঝুলছে ইসরায়েলের পার্লামেন্ট

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:১২ পূর্বাহ্ণ

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে সরাসরি কোয়ালিশন সরকারে যোগ না দিয়ে বিরোধী জোটকে বাইরে থেকে সমর্থন দেওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির অন্যতম শীর্ষ আরব নেতা ইউসুফ জাবারিন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের নীতি বহাল থাকায় বর্তমান পরিস্থিতিতে কোনও ইসরায়েলি সরকারের অংশ হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ প্রধান জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে গাজায় ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয় বিবেচনা করে কোনও ইসরায়েলি কোয়ালিশন সরকারের অংশ হওয়ার সুযোগ আমাদের নেই। তিনি আরও বলেন, তবে বর্তমান সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে জোটের বাইরে থেকে একটি বিকল্প সরকারকে সমর্থন দেওয়া আমাদের পক্ষে সম্ভব। খবর বিডিনিউজের।

অর্থাৎ, নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি অংশীদারদের (যেমন: বেন–গভির ও স্মোট্রিচ) ক্ষমতা থেকে সরাতে যেকোনও বিকল্প সরকারকে (যেমন: প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লক’ বা পরিবর্তনকামী জোটের সংখ্যালঘু সরকার) সমর্থন দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাবারিন।

ইসরায়েলে ৯০ শতাংশ ভোট গণনা : ইসরায়েলের বহুল আলোচিত সাধারণ নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও কোনো রাজনৈতিক পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই, যার ফলে নতুন করে ঝুলন্ত পার্লামেন্ট ও রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ৫০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন করার কথা জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে যাচ্ছে।

ভোটের প্রাথমিক হিসাব অনুযায়ী, ইসরায়েলি–আরব প্রতিনিধিত্বকারী দলগুলোর জোট (জয়েন্ট লিস্ট ও রাম) যৌথভাবে রেকর্ড ১৯টি আসনে জয় পেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে, যদিও তাতে কোনো দলের একক জয়ের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। এখনো বিশেষ ‘ডাবল–এনভেলপ’ পদ্ধতির আওতায় পাঁচ লাখেরও বেশি ভোট গণনা বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে সেনা সদস্য ও কূটনৈতিক কর্মীদের ভোট, যা শেষ মুহূর্তে আসন বণ্টনে কিছুটা রদবদল আনতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং গাজা গণহত্যা শুরু হওয়ার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন। পুরো নির্বাচনকে মূলত ৭৭ বছর বয়সী নেতানিয়াহুর শাসনামলের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল। তবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নেতানিয়াহু দৃশ্যত পরাজিত হননি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বহাল থাকছেন।

পূর্ববর্তী নিবন্ধআলিফ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য
পরবর্তী নিবন্ধচকবাজার জামান হোটেলে নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মল