ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাহসিফ সাউরীর মৃত্যুর কারণ এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি–না তা তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশএকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
এর আগে বুধবার বিকালে তুরাগ নদ থেকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করে। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সাউরী ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগ সংক্রান্ত ভিডিও প্রকাশকে কেন্দ্র করে কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেও তদন্তের আগে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, আমি এ বিষয়ে এখনও কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে। আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব।
এ সময় আরেক সাংবাদিকেএ ঘটনায় পাশের দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার আশঙ্কার কথা তুলে ধরে প্রশ্ন করা হলে তখনও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবকিছু জেনে তারপরে কথা বলব।
গত জুলাইয়ে এক পডকাস্টে তাহসিফকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই ভিডিও ধারণ করায় বিমান বাহিনী থেকে তার চাকরি গেছে কি না। জবাবে তিনি বলেছিলেন, “হতে পারে।”












