কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ–২) কম্পাউন্ড নারী এককে সোনা জয় করেছেন বাংলাদেশের আর্চার বন্যা আক্তার। ধুন্ধুমার লড়াইয়ের পর মাত্র ১ পয়েন্টের ব্যবধান ধরে রাখেন চতুর্থ সেট পর্যন্ত। এরপর পঞ্চম সেট জিতে নিয়ে লক্ষ্যে পৌঁছেন। ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার কাজাখস্তানের বারলেভা মিলানার বিপক্ষে ১৪৫–১৪৩ স্কোরে জিতেছেন বন্যা। প্রথম সেট ২৮–২৮ সমতায় শেষের পর, দ্বিতীয় সেটে ২৯–২৮ পয়েন্টে জিতেন বন্যা। পরের দুই সেটও শেষ হয় ২৯–২৯, ২৯–২৯ সমতায়। তখন ১১৫–১১৪ ব্যবধানে এগিয়ে বন্য। তিনটি করে সোনা ও রুপা এবং চারটি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতে এই প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ। এদিন রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের প্রতিযোগী ফাল্লাহ মোবিনার বিপক্ষে ৬–২ সেট পয়েন্টে হেরে রুপা পান সাইমা সালাহ উদ্দিন। রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে আজারবাইজানের আলিয়েন মাহাম্মাদালিকে ৭–৩ সেট পয়েন্টে হেরে যান আব্দুর রহমান আলিফ।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬–০ সেট পয়েন্টে উড়িয়ে ব্রোঞ্জ পায় শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫–৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশের আলিফ–সাইমা জুটি।

পূর্ববর্তী নিবন্ধসেঞ্চুরির দিনে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ সাদমানের
পরবর্তী নিবন্ধগ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ