আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়নের যৌথ উদ্যোগে গত ৩ ও ৪ জুলাই স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ৪৩টি শাখার বিনিয়োগ কর্মকর্তাদের অংশগ্রহণে ২ দিনব্যাপী ‘ট্রেনিং অন ইনভেস্টমেন্ট মডিউল আবাবিল এনজি ভার্সন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ব্যাংকের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়নের রিজিওনাল হেড ও এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রমে দক্ষ জনবল গড়ে তোলা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি ‘আবাবিল এনজি ভার্সন’এর কার্যকর ব্যবহার নিশ্চিত করে বিনিয়োগ কার্যক্রমকে আরো দক্ষ, গতিশীল ও গ্রাহকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
২দিনব্যাপী এ প্রশিক্ষণে ‘আবাবিল এনজি ভার্সন’–এর মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা, বিনিয়োগ ডকুমেন্টেশন, সিস্টেম পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ শাখার কার্যক্রমে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












