চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে মাদক সেবনের অভিযোগে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি এবং হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কক্ষটি সিলগালা করা হয়েছে। এদিকে, একই হলে অন্য একটি কক্ষে অভিযান পরিচালনার সময় দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রথম অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের।

পরে কক্ষটি তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্ষটি সিলগালা ও আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই।কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে।
তিনি আরও বলেন, কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তারা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
এ বিষয়ে শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক বাপ্পারাজ হাওলাদার বলেন, দুই শিক্ষার্থী আমাদের দুইজন শিক্ষককে ধাক্কা দিয়েছিল।









