মাঠ সম্প্রসারণের নামে শতবর্ষী গাছ কাটা, শিক্ষার্থীদের ক্ষোভে, বন্ধ কার্যক্রম

আজদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ তুলাতলী গ্রামের ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধনের নামে পুরোনো গাছ কাটছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে শতবর্ষী একটি রেইনট্রি গাছ। গাছটির পুরোনো শিকড় ও চারটি বড় ডাল কেটে ফেলা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণের আরেকটি শতবর্ষী লিচুগাছও কাটার পরিকল্পনা রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় কাঠুরে দিয়ে রেইনট্রি গাছটির পুরোনো শিকড় ও চারটি বড় ডাল কাটা হয়। একই দিনে চার থেকে পাঁচটি দেশি ফলজ গাছ এবং পনেরটি দেবদারু গাছও কাটা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শতবর্ষী লিচুগাছটিও কাটার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যালয়টি স্থানীয়ভাবে তুলাতলী হাইস্কুল নামে পরিচিত। বিদ্যালয়ের গাছগুলোর সঙ্গে স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি জড়িয়ে রয়েছে। গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ জরিদ। তিনি পাঁচ বছর এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাঁর বাড়িও বিদ্যালয় প্রাঙ্গণের পাশে।

জরিদ দৈনিক আজাদীকে বলেন, ‘জন্ম থেকে আমি এই স্কুলের পাশে বড় হয়েছি। আমার বাড়ি এখানে। এই শতবর্ষী গাছগুলোর সঙ্গে আমার আবেগ ও স্মৃতি দুটোই জড়িয়ে আছে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ঠিক হয়নি।’

বিদ্যালয় ও কলেজের পড়াশোনা শেষে জরিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি কেইপিজেড উদ্ভিদ উদ্যানের কিউরেটর হিসেবে কাজ করছেন। রেইনট্রি গাছটির উপকারিতা সম্পর্কে তিনি বলেন, গাছটি পরিবেশগত ভারসাম্য রক্ষা, মাটির উর্বরতা বৃদ্ধি এবং ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে গাছ কাটা হচ্ছে। এ বিষয়ে সভাপতি ভালো বলতে পারবেন।

বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে দৈনিক আজাদী। তবে প্রতিবারই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ দৈনিক আজাদীকে বলেন, গাছ কাটার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি জানার পর আপাতত গাছ কাটার কাজ বন্ধ রাখা হয়েছে। তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ১৯৫৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে বিদ্যালয়ের গাছ দুটি প্রতিষ্ঠারও আগে লাগানো। এসব গাছের ছায়ায় খেলাধুলা করে বড় হয়েছেন বহু শিক্ষার্থী। গাছগুলো তাঁদের কাছে শুধু বৃক্ষ নয়, শৈশবের স্মৃতিরও অংশ।

পূর্ববর্তী নিবন্ধসবজি চাষ করতে মাটি খুঁড়তেই মিলল মর্টারশেল