আনোয়ারায় ব্যস্ততম চাতরি চৌমুহনী বাজারে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এতে ট্রাফিক বক্সের ভেতরের কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যাওয়ার পাশাপাশি বক্সের অন্যান্য আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আট জনকে আটক করেছে বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, বুধবার রাতে চাতরি চৌমুহনী বাজারে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে একদল দুর্বৃত্ত আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকায় আসামিদের নাম ঠিকানা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।









