কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ৮৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, খাড়া একটি পথ বেয়ে রেললাইনের দিকে উঠছিল অটোরিকশাটি। রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটির ধাক্কায় অটোরিকশাটি ট্রেনের নিচে চলে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাঁদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। সড়কের দুই পাশে বড় গাছ থাকায় রেললাইনের দিকে এগোনোর সময় ট্রেন আসছে কি না, তা চালকদের পক্ষে সহজে দেখা সম্ভব হয় না।
দোহাজারী-কক্সবাজার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের বিষয়টি আগেও সংবাদমাধ্যমে উঠে এসেছে। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, এই রেলপথের ৭২টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ১৬টিতে গেটম্যান ও প্রতিবন্ধকতা রয়েছে। বাকি ৫৬টি অরক্ষিত। এসব ক্রসিংয়ে গেটম্যান ও প্রতিবন্ধকতা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।











