কাঠের ট্রলারে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৩১৭ জন উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৪:০৭ অপরাহ্ণ

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে, এমন তথ্য পেয়ে সাগরে নজরদারি শুরু করেন কোস্ট গার্ড সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন ট্রলারটির অবস্থান শনাক্ত করে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন ট্রলারের চালক। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৩১৭ জনকে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাঁরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সাগরপথে মানবপাচারের চেষ্টা নস্যাৎ করে ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে।

জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ২০২৫ সালে বঙ্গোপসাগরে নৌকাডুবিতে  প্রায় ৯০০ রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছেন। ওই বছর ৬ হাজার ৫০০–এর বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।  তাঁদের মধ্যে প্রতি সাতজনে একজন নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযান ডুবে প্রায় ২৫০ জন নিখোঁজ হন, ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধইনানীর সেই গ্যাসকূপে বিস্ফোরণে, বাপেক্সের ৭ কর্মকর্তা আহত
পরবর্তী নিবন্ধনৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ