নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিনা মূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে প্রতিদিন হাজারো মানুষ নানা প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের বড় একটি অংশ দিনের বেশির ভাগ সময় বাইরে কাটান। কিন্তু নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড, বাজার ও জনসমাগমস্থলে বিনা মূল্যে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে তৃষ্ণা মেটাতে অনেককে বাধ্য হয়ে বোতলজাত পানি কিনতে হয়। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রতিদিন এভাবে পানি কেনা বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

তীব্র গরমের সময় বিশুদ্ধ পানির অভাবে সাধারণ মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়েন। বয়স্ক ব্যক্তি, শিশু ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের জন্য বিষয়টি বিশেষভাবে কষ্টকর। অথচ বিশুদ্ধ পানি মানুষের মৌলিক প্রয়োজনের একটি।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড, বাজার, পার্ক ও জনসমাগমস্থলে নিরাপদ পানির ব্যবস্থা করা হোক। পাশাপাশি এসব পানির উৎস নিয়মিত পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও পানির গুণগত মান পরীক্ষা নিশ্চিত করা হোক। নগরবাসীর জন্য বিনা মূল্যে বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

সৈয়দ শাহজাহান সিরাজ

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজর্জ হ্যারিসন : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু
পরবর্তী নিবন্ধবৃদ্ধ বয়সে