আইআইইউসি’র সামনে ফুটওভার ব্রিজ চাই

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক হওয়ায় এ সড়কে প্রতিনিয়ত অসংখ্য ছোট–বড় যানবাহন অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করে। মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় অবস্থিত হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীদের রাস্তা পারাপারে নানা ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হয়।

সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মায়েশা মুসফিরাত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। লরির ধাক্কায় বাসের চাপায় তাঁর মর্মান্তিক মৃত্যু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্তৃপক্ষসহ সকলকে গভীরভাবে শোকাহত করেছে। এই হৃদয়বিদারক ঘটনা আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। তাই এই ঝুঁকি কমাতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সামনে, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধাজনক স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। আর কোনো শিক্ষার্থীকে যেন এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে না হয়। মায়েশা মুসফিরাতের মর্মান্তিক মৃত্যু যেন নিরাপদ যাতায়াত নিশ্চিত করার একটি উপলক্ষ হয়ে ওঠে।

তাইয়িবা তাসনীম

শিক্ষার্থী, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধআলী ইমাম: শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধস্মার্টফোনের আসক্তি বনাম বই পড়ার আনন্দ