সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারের অবশিষ্ট বডিতে আগুন দেয় এবং বাড়ির জানালার কাচ ভাঙচুর করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এস এম আল মামুনের বাড়ি ও সেখানে থাকা গাড়িতে আগুন দিয়েছিল। এরপর থেকে গাড়িটি পোড়া অবস্থায় পড়েছিল।

বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা আলাউদ্দিন জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে চলে যান। পরের দিন শুক্রবার সকালে ফিরে এসে বিষয়টি দেখতে পান। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগে থেকে পোড়া গাড়ির অবশিষ্ট বডি ও বাড়ির সামনের কিছু প্লাস্টিকের অংশে আগুন দিতে দেখা যায়।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন বলেন, সীতাকুণ্ডে সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তারা নিজেরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ভিডিওর সঙ্গে বাস্তবতার মিল নেই। ভিডিও ধারণের উদ্দেশ্যে কেউ এমন কাজ করে থাকতে পারে। গাড়িটি আগে থেকেই পোড়া ছিল বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি সেন্টার উদ্বোধন