‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’

জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের ও পরিবার শেষ করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। ইতিপূর্বেও তিনি আইনশৃঙ্খলা রক্ষায় দুঃসাহসিক অভিযানের জন্য আরো কয়েকবার হুমকির শিকার হয়েছিলেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। পাঠানো বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। লেখা হয়, ‘তোমার পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে। তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, আমাদের লোক গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস, না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ ধরনের চরম হুমকি ও ভয়ভীতির মুখে পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৯০৪) দায়ের করেন। হুমকিদাতা নম্বরটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানার একাধিক সূত্রে জানা গেছে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান বলেন, ইতিমধ্যে থানার খিলমুরারী গ্রামে গড়ে উঠা দুর্ধর্ষ ডাকাত গ্যাং চক্রকে শায়েস্তা ও নিশ্চিহ্ন করার পর অনেকবার তিনি হুমকির শিকার হয়েছেন। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করার ফলে অনেকের ঈর্ষার কারণ হয়েছেন।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, এমন হুমকিতে আমি ভীত নই। আমি ছাত্রলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছি, এমন অভিযোগ তুলে বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপের একটি আইডি থেকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসূর্যের দেখা নেই, নগরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পরবর্তী নিবন্ধশুধু সুদের হার বাড়িয়ে-কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়