মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার চিনকি আস্তানা সংলগ্ন এলাকায় পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কায় পুলিশের চার সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

জানা যায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকার বাবুর তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জোরারগঞ্জ ফাঁড়িতে কর্মরত হাইওয়ে পুলিশের এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, স্থানীয় আরিফ এবং সাফায়েত। তাদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের একটি এসি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে পুলিশের দুই কনস্টেবলসহ ছয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ২শ মিটারগেজ কোচ কিনবে রেলওয়ে