নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে এবার যুক্ত হয়েছে বিশ্বমানের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি কেয়ার সেন্টার। অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুনভাবে সম্প্রসারিত হওয়া সেন্টারটিতে পরিপাকতন্ত্র ও লিভারজনিত রোগের চিকিৎসার আধুনিক সেবা পাবেন রোগীরা। গতকাল দুপুর ২টার দিকে বিভাগটির নতুন ফ্লোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শামীম বঙ, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক এবং ব্যবসায়ী আমজাদুল ফেরদৌস চৌধুরী ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী।
অনুষ্ঠানে জানানো হয়েছে, নতুন ফ্লোরে বহির্বিভাগ ও আন্তঃবিভাগ দুটোই রয়েছে। এতে রোগীরা ফোর–কে এন্ডোস্কপি সেবা, অ্যাডভান্সড ইমেজিং ন্যারো ব্যান্ড ইমেজিং (এনবিআই), পলিপেক্টমি ও ইএমআর’র মতো আধুনিক রোগ নিরূপনী ও থেরাপিউটিক সুবিধা পাবেন। এছাড়া বিভাগে আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণের মাধ্যমে নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। অন্যদিকে রোগী পর্যবেক্ষণ ও চিকিৎসা পরবর্তী প্রয়োজন অনুযায়ী রোগীদের হাসপাতালে অবস্থানের জন্য কেবিনের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আধুনিক চিকিৎসা অবকাঠামো ও প্রযুক্তির পাশাপাশি রোগীদের আস্থা অর্জনই একটি হাসপাতালের প্রকৃত সাফল্য। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের এই উদ্যোগ চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ব্যবসায়ী আমজাদুল ফেরদৌস চৌধুরী বলেন, চট্টগ্রামবাসীকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য এটি একটি সমন্বিত উদ্যোগ। অধ্যাপক ডা. শামীম বক্স বলেন, আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও রোগীর নিরাপত্তা গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। এই নতুন ফ্লোর রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ আরও সমপ্রসারিত করবে। নতুন এই ফ্লোরের মাধ্যমে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল রোগীকেন্দ্রিক, নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানে তার অঙ্গীকার আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মুশফিকুল আবরার, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।










