এয়াছিন শাহ্‌ কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষাবোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

গত ১৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ–মাধ্যমিক শিক্ষাবোর্ড’র উপ–পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মন্নান রাউজান হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজ পরিদর্শন করেন। এদিন কলেজ মিলনায়তনে আয়োজিত “অভিনন্দন–আয়োজন”–এ কলেজের শিক্ষক–কর্মকর্তা–কর্মচারি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এসময় উপ–পরীক্ষা নিয়ন্ত্রককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে অভিনন্দন সভায় শুভেচ্ছাভিন্দন জানিয়ে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার মানোন্নয়ন কমিটির আহ্বায়ক ও কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের জীববিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ মঈনুল আমীন আসিক। অভিনন্দন–আয়োজন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখতে গিয়ে উপ–পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সবাই পাশ করতেই চায়। কিন্তু পাশ করতে গেলে রীতিমত শ্রেণি–কার্যক্রমে অংশগ্রহণ ও মনযোগ দিয়ে লেখাপড়া করা জরুরি। লেখাপড়ার বিকল্প লেখাপড়া। লেখাপড়া শিখে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। তিনি এ.পি. জে আবদুল কালামের উক্তি স্মরণ করে শিক্ষার্থীদের ঘুমে দেখা স্বপ্ন নয়, ঘুমুতে না দেয়া স্বপ্নই শিক্ষার্থীদের দেখতে হবে। তবেই হবে জীবন স্বার্থক। এর আগে তিনি কলেজ –গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার সমূহ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ও নানা পরামর্শ দেন। এবারের উচ্চ–মাধ্যমিক পরীক্ষায় কলেজ’র দু’জন শিক্ষার্থীর সিজিপিএ ফাইভ অর্জন ও পাশের হার ৫৬ শতাংশ হওয়ায় কলেজের প্রশংসা করে ভবিষ্যতে শতভাগ পাশ করানোর সর্বাত্মক প্রচেষ্টা ও উদ্যোগ নেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজার নিমের চারা রোপণ কর্মসূচি