দেশ হতে দেশান্তরে

শিশা পান ও তেলেসমাতি খবর

সেলিম সোলায়মান | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

যাক, পেলাম দেখা আরেকজন ব্যতিক্রমের, যে নাকি এ মরুতে মরছে না ঘুরে, পেট্রোডলারের মোহে। চরম বৈরি প্রাকৃতিক ও সামাজিক আবহাওয়া অবলীলায় উপেক্ষা করে, পৌনে তিন কোটি জনসংখ্যার সৌদি আরবে, কোটিখানেক আজনবির বসবাস। এখানকার স্থানীয়দের মাঝে এমন কি প্রবাসিদের নিজ নিজ দেশের মানুষদের এ বিষয়ে প্রচলিত বিশ্বাস হল, প্রবাসিরা মরুতে ঐ মরীচিকার মোহেই। হোক সে বাংলাদেশ থেকে আসা ঝাড়ুদার, কিংবা আরামকোর আম্রিকান বিরাট বস। আছেন সবাই মোটা বেতনের চৌম্বক টানে। সংখ্যার বিচারে বেশ ক্ষুদ্র, ইউরোপিয়ান, আম্রিকান বড় বড় স্যারদের মোটাতাজা বেতনের উপরি আকর্ষণ হলো, ট্যাক্স ফ্রি ইনকাম। সে নিরিখেই আলাদা মোহামেদ আল গার। এসেছি যার সাথে এ সন্ধ্যায়, সেন্ট্রাল রিয়াদ থেকে ৫০/৫৫ কিমি দূরের মরু উপত্যকা, ওয়াদি থুমামায় নামের শিশাপ্রেমিদের স্বর্গে। মোতাওয়া নিয়ন্ত্রিত রিয়াদে শিশা নিষিদ্ধ। ফলে রিয়াদের শিশাপ্রেমিরা এদিকে ছোটেন বিকেল থেকেই। এসেছি কিছুটা দেরীতে। ততক্ষণে লোকে লোকে সরগরম হয়ে লেগে গেছে মচ্ছব এখানে। রিয়াদ শহরের রাস্তাঘাটের ব্যাপারেই এখনো নবিস আমি। সেজন্য বিকেল থেকেই ঝেঁকে বসতে থাকা হিম কেটে রওয়ানা করেছিলাম গা’রের গাড়িতে। আসতে আসতে তার ব্যক্তিগত খোঁজ খবর নিতে নিতে বুঝেছি, অর্থই মোক্ষ নয় তার। কায়রোর অত্যন্ত বনেদি ব্যাবসায়ি পরিবারের ছেলে গা’র এসেছে প্রথমত বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে। সাথে ছিল অচেনা পরিবেশে আসার অ্যাডভেঞ্চারের নেশা। সবশেষে হয়েছে যোগ তাতে, অভিজ্ঞতার ঝুলি ভারী খায়েশ।

তুমুল পিতৃভক্ত গারের পিতা, শুরুতেই নাকি বলেছিলেন, ভাল না লাগলে যে কোন সময় কায়রো ফিরে গিয়ে পারিবারিক ব্যবসা বা খামারের হাল ধরতে। উপরন্তু কায়রো বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের ছাত্রী, গা’রের প্রেমিকাও ডাকছে তাকে ক্ষণে ক্ষণে, নীলনদের পাড়েই।

এখানে পা রাখার পর, বস ফিলকে প্রায়শই বলতে শুনেছি, মিশরি ফার্মাসিস্টরা, বিশ্ববিদ্যলায়ের পাঠ চুকাতে চুকাতেই, বাড়িয়ে রাখে পা এই দিকে। শুরুতে তারা নাকি আসে তিন, চার বা পাঁচ বছর এখানে চুটিয়ে কামাই করার নিয়তেই। জীবনের মূল লক্ষ থাকে তখন, এখানকার জমানো টাকায়, দেশে নিজের একটা ফার্মেসি দিয়ে, উদ্যোক্তা হওয়া।

কিন্তু হায়, পেট্রোডলারের এমনই মোহ, তা আর অবশেষে হয়ে উঠে না। দিনে দিনে বেলা যেতে যেতে কোন দিক দিয়ে যে কেটে যায় ২০, ২৫, ৩০ বছর; নাই তার ঠিকঠিকানা। এমনকি অনেকেই যায় ফিরে দেশে, অবশেষে কফিনবন্দি হয়ে।

গারের ব্যক্তিগত কথাবার্তার সূত্রে বুঝলাম ফিলের ঐ হাইপোথিসিস, এর ক্ষেত্রে নাল এন্ড ভয়েড।

শুরু থেকেই খলিলের টিমের এই জোনাল সেলস ম্যানাজারটিকে অত্যন্ত পছন্দ আমার। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও সোজাসাপটা কথাবলা স্বভাবের কারণেই, নজর কেড়েছিল প্রথম। তারপর আর যা করেছে তাকে আলাদা, তা হল কোম্পানির কমপ্লায়েন্সের পক্ষে তুলনামূলক অনমনীয় অবস্থান তার।

হায়! হালে পড়েছে বেচারা ‘রাজায়, রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়’ অবস্থায়। আগেও বলেছি, গত হজ্জের প্যানডেমিক ফ্লু আতঙ্কের সময়, আমাদের হেডকোয়ার্টারে অকালকুষ্মাণ্ড পরিচিতি পাওয়া এক বড়কর্তা যে নটঘট করেছিল মহামান্য সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সাথে,তারই প্রতিক্রিয়ায়, এ বছরের শুরুতে হারিয়েছি ৩ মিলিয়ন ডলারের টেন্ডার।

ঐ ধাক্কা সামলানোর জন্য সাথেসাথেই যেসব পদক্ষেপ নিয়েছি, তাতে কোম্পানির মোট ব্যবসার ঝুঁকি অনেকটাই কাটানো গেছে। তবে জোর ধাক্কা খেয়েছে স্নায়ুরোগ ও চক্ষুরোগ সেলসের কর্তা, আল গার। সারাবছরে কোম্পানির সামগ্রিক ব্যবসায় ঐ তিন মিলিয়ন মাত্র দেড় দুই পারসেন্ট হলেও, গারের জন্য তো তা প্রায় তিরিশ পারসেন্ট! বছরের শুরুর মাসটির শেষ কর্মদিবসের তুমুল ব্যস্ততার মধ্যে, আজই দুপুরে বিরস বদনে আমার অফিসের সামনে দিয়ে, বারকয়েক তাকে আসতে যেতে দেখেই, মনে পড়েছিল ব্যাপারটি। সাথে সাথেই ডেকে বলেছিলাম চল গা’র শিশা খেতে যাই আজ সন্ধ্যায়। এ আমার ট্রিট। “ডঃ সেলিম, শুনেছি লাস্ট এসেসমেন্ট সেন্টারে, আমাকে ঢোকানোর জন্য তুমি বেশ চেষ্টা করেছো, এ জন্য তোমাকে ধন্যবাদ দেবার সুযোগ পাইনি। আজ ডাবল ধন্যবাদ দিচ্ছি। তোমার লিডারশিপে মার্কেটিং টিমে কাজ করে, আমি শিখতে চাই। কিন্তু এবারও তা আর হচ্ছে না, মনে হচ্ছে!’ টয়লেট ফেরত গা’র, শিশার নল টেনে নিতে নিতে বলতেই মনে হল, সাধে কী আর বলে দেয়ালেরও কান আছে? এখানে দেখছি বাতাসেও উড়ে শত সহস্র কান।

মাস দেড়েক আগে প্রমোশনের যে এসেসম্যান্ট হয়েছিল কোম্পানিতে, সামান্যর জন্য বাদ পড়েছিল তাতে গা’র। সেসময় আলগোছে কারো নাম উল্লেখ না করেই, যোগ্যদের জন্য এক্সেপশন করার বিষয়ে তার বস খলিল ও এইচ আর হেড গিউসির সাথে কথা বলেছিলাম। এইমাত্র হল যা কর্ণগোচর, প্রমাণিত হল তাতে, যতই রাখি না কেন উহ্য নাম, তার প্রতি আমার পক্ষপাতিত্বের ব্যাপারটি জানে গোটা কোম্পানিই!

ও তোমারই যোগ্যতার ফলাফল। চিন্তা করো না, আছে এবার আমার হাতে অস্ত্র মোক্ষম। যা ঘটেছে, তাতে তোমার তো কোন কনট্রোল নাই। নাই আমাদেরও। অতএব ভোগার বেলায় শুধু তুমি ভুগবে কেন?

“শোকরান ! থাংকু সো মাস ডঃ সেলিম! এ মাসে পিছিয়ে গেলে কী হবে? সামনে আছে এগারো মাস। আই উইল নট গিভ আপ!” গ্রেট! দ্যাটস দ্য স্পিরিট। শোন, আমাদের ব্যবসার অর্ধেকের বেশিই আসে, ইন্সটিটিউশন আর টেন্ডার থেকে। সেজন্য এ ধাক্কা খাওয়ার পর, যে রিস্ক এনালাইসিস করেছি, ফিল আর তোমার বসের সাথে, তাতে তিনজন একমত হয়েছি, যদি সতর্কতার সাথে পরিকল্পনামাফিক পা ফেলি, সামলানো যাবে।

এই যেমন, তুমি যে সেলস হারিয়েছ ওটা হল মৃগী রোগীদের ঔষধ। গত ১০/১৫ বছর ধরে যে রোগীরা ঐ ঔষধ খেয়ে ভাল ছিল, হঠাৎ করেই ওটা বদলে কোন কপি দিলে রোগীদের তা মানার কথা না। এছাড়া ক্লিনিকাল ট্রায়ালেও আছে অরিজিনালের সাথে কপির পার্থক্য বিষয়ে। “তাই নাকি?”

অবশ্যই আছে। খোদ আমেরিকায় যারা এটি কপি করেছিল, সেটির সাথে হেড টু হেড কম্পারেটিভ ট্রায়ালে আমাদেরটির সুপিরিয়রিটি প্রমাণিত। এমন কি বাংলাদেশে কিছু কোম্পানির মালিক, যারা নিজেরাই আমাদের সব ঔষধই কপি করে, নিজেদের পরিবারের জন্য কিন্তু আমাদের অরিজিনালটাই সংগ্রহ করেন। ‘বাহ, বাহ। এরকমই যদি হয় এখানেও, তা হলে কী হতে পারে?’ এখানে যে কী হতে পারে তা তো জানি না। তবে গত বছর সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে জেনেছিলাম, তার আগের বছর, দামের কারণে ওখানে আমরা ট্রান্সপ্লান্টেশন টেন্ডার হেরেছিলাম জেনেরিক কপির কাছে। সেই প্রোডাক্টও ক্লিনিকাল ট্রায়ালে সুপিরিয়র প্রমাণিত তো ছিল। এরপর আবার রিয়েল লাইফ সেটিঙয়ে ডাক্তার ও রোগীদের কাছ থেকে কপির কার্যকারিতা নিয়ে আসতে শুরু করেছিল নানান অভিযোগ।‘ওয়াও। তারপর কী হয়েছিল?’ টেন্ডার কমিটির কর্তাদের মধ্যে বিশেষত ফিনান্স এক্সপাটরা যারা শুধুই দাম নিয়ে ছোঁক ছোঁক করেছিল, পড়েছিল ফ্যাসাদে। তাতে অবশেষে সে ব্যবসা এসেছে আমাদেরই ভাড়ারে। ‘সাহস পেলাম বেশ! কিন্তু ঐরকম কিছু ঘটার অপেক্ষায় হাত গুটিয়ে থাকতে চাই না। এনিয়ে কী করতে পারি, তা যদি একটু বলতে।’ সংশ্লিষ্ট ডাক্তার আর ফার্মাসিস্টদের সাথে ঐ ক্লিনিক্যাল স্টাডি দুটো নিয়ে কাজ শুরু করতে পারো। ‘তুমি কি এ ব্যাপারে একটু মেডিক্যাল ডিপার্টমেন্টকে বলে দিবে? প্রোডাক্ট ম্যানেজার আমির শামিমকে আমিই সামলাবো।’

নিশ্চয় দেব।

‘শোকরান, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ব্যাপার জিজ্ঞেস করি, এই টেন্ডার হারানোর বিষয় নিয়ে ডিসট্রিবিউটরের টেন্ডার বিজনেস ম্যানেজার, নাহরাওয়ি কী বলেছে? এ নিয়ে তার টেনশনই বা কেমন? আমার মতো তারও তো টার্গেটে আছে ওটা?’ একটু মন খারাপ দেখেছি। তবে তেমন টেনশনে আছে বলে মনে হয়নি। তবে তার হাতে তো আছে আরো অন্যান্য প্রোডাক্টও। ‘এখানেই আছে আরেকটা খেলা। এখানে টেন্ডার ব্যবসা নিয়ে চলে ক্ষমতা ও শক্তির রশি টানাটানি। এই ব্যবসার যে অংশ যে শেখ বা প্রিন্স নিয়ন্ত্রণ করে, সে যদি ক্ষমতাশালী হয় তবে যেকোন সময়, যেকোন নিয়ম বদলে, ব্যবসা বের করে নেয়।’

খুব স্বাভাবিক। শক্তিমানেরই তো জয় জয়াকার এ গ্রহে। ঠিক। তবে এখানে ঘটে তেলেসমাতি কাণ্ডই। বিষয়টি বোঝার জন্য অনেকদিন নাহরাওয়ির পেছনে লেগেছিলাম। তদুপরি তেমনি ঘনিষ্ঠতা গড়েছি অন্য কোম্পানিতে এই ব্যবসা যারা দেখে, তাদের সাথেও। আর হাসপাতালগুলোর লিসটিং, পারচেসিং এবং ইনভেন্ট্রি ম্যানেজ করা ফার্মাসিস্টরা, বেশীরভাগই মিশরি হওয়ায়, হয় তারা বড়ভাই, বন্ধু নয়তো ছোট ভাই।’

গা’র কে পছন্দ করার এ হল আমার চতুর্থ কারণ। ফের পেলাম টের, সচরাচর মেলে না যা সে রকম কিছুর পাওয়ার গন্ধ। উদগ্রীব হয়ে জিজ্ঞেস করি, তাই নাকি? বল তো শুনি? ‘সৌদিতে যে সাপ্লাইয়ারের ক্ষমতা যত বেশি, সরকারী পয়সা ঢোকাতে পারে পকেটে সে তত বেশী। যেমন ধর কোন প্রোডাক্ট, কোন হাসপাতালের দরকার বছরে এক মিলিয়ন ডোজ, কিন্তু ক্ষমতাবান সাপ্লাইয়ার ইচ্ছে করলেই ওখানে বিক্রি করে দিতে পারে ২ মিলিয়ন ডোজ।

হুম বুঝেছি কোন কারণে চাপ দিয়ে একবছর ব্যবসা না হয় সে ডাবল করলোই, কিন্তু মাশুল তো গুনতে হবে পরের বছরে শূন্য না হলেও শুন্যের কাছাকাছি ব্যবসায়। আগের বছরের ১ মিলিয়ন ডোজ তো আছেই ষ্টকে। ‘ওখানেই ঘটে তেলেসমাতি। পরের বছর হাসপাতাল কোন না কোন কারণ দেখিয়ে ঘোষণা দেয়, স্টকের এক মিলিয়ন ডোজ ব্যবহারের অযোগ্য। ফলে আবারো আসে অর্ডার, এক বা দুই মিলিয়ন ডোজের!’

একই সাথে ভির্মি খেলাম এবং হল অধমের মানসচক্ষু উন্মীলিত! দ্বিতীয় কারণটিতে উদ্বেলিত হয়ে ধূম করেই বললাম

বুঝেছি এতদিনে, কী করে স্মাগলাররা, মধ্যপ্রাচ্য থেকে আমাদেরই প্রডাক্ট নিয়ে বিক্রি করে বাংলাদেশে, কমদামে! বলেই, হল সন্দেহ। জিজ্ঞেস করলাম, আসলেই কী ঘটে এরকম? ‘তাই তো শুনেছি। বাংলাদেশের মতো মিশরেও ঢোকে চোরাপথে সৌদি থেকে কমদামে একই ঔষধ। এখানে কাজ করতে না আসলে, জানতেই পারতাম না ঘটে তা কিভাবে?’

নাহ, মোটেও ঠিক না এটা। একদমই সমর্থন করি না আমি এ কাজ। তুমি বরং সায়েন্টিফিকালি কাজ শুরু করো। এছাড়া ডাক্তাররা তো অহরহই বলেন, তাদের অভিজ্ঞতায় কপি ও আসলের পার্থক্য। ‘আই নো। আই নো ডঃ সেলিম। আমি যা জেনেছি, সেটা জানানোর জন্যই বললাম।’ থ্যাংকস গা’র ফর দিস ইন্সাইট। পুরো আস্থা আছে তোমার উপর আমার। তা চল, এখন ডিনারের অর্ডার করি। কাল তো দুজনকেই শুরু করতে হবে নতুন মাসের দৌড়, তাই না?

লেখক : প্রাবন্ধিক, ভ্রমণসাহিত্যিক।

পূর্ববর্তী নিবন্ধমেইড ইন বাংলাদেশ!