করদাতার সক্ষমতা ও বাস্তব সমস্যা বিবেচনায় ই-রিটার্ন আরও করদাতাবান্ধব হোক

মোহাম্মদ আইয়ুব | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

আয়কর দেওয়া শুধু আইনি বাধ্যবাধকতা নয়, একজন সচেতন নাগরিকের দায়িত্বও। দেশের রাস্তাঘাট, সেতু, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজের অর্থের একটি বড় উৎস জনগণের দেওয়া কর। তাই সঠিক তথ্য দিয়ে সময়মতো আয়কর রিটার্ন জমা দেওয়া প্রত্যেক করদাতার কর্তব্য। তবে এই কাজ যেন সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

বাস্তবে অনেক করদাতার কাছে আয়কর রিটার্ন তৈরি করা এখনো কঠিন। কোন খাতে আয় দেখাতে হবে, কীভাবে ব্যয় ও সম্পদের হিসাব দিতে হবে, সারা বছরে কত টাকা উৎসে কর কাটা হয়েছে এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। ফলে কেউ তাড়াহুড়া করে রিটার্ন জমা দেন, আবার কেউ পুরোপুরি অন্যের ওপর নির্ভর করেন। এতে ভুল তথ্য দেওয়ার ঝুঁকি থাকে এবং ভবিষ্যতে করসংক্রান্ত জটিলতাও তৈরি হতে পারে।

এ ধরনের সমস্যা এড়াতে করদাতাকে নিজের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে সচেতন হতে হবে। সারা বছরের আয় ও বিনিয়োগের তথ্য গুছিয়ে রাখতে হবে। চাকরিজীবীদের বেতন বিবরণী, বাড়িভাড়ার হিসাব, ব্যবসার আয়–ব্যয়, ব্যাংকের সুদ, সঞ্চয়পত্রের মুনাফা এবং শেয়ারবাজার থেকে পাওয়া লভ্যাংশের তথ্য সংগ্রহ করতে হবে। একই সঙ্গে এসব আয়ের বিপরীতে উৎসে কত টাকা কর কাটা হয়েছে, সেটিও জানতে হবে।

নিজের ব্যাংক জমা, জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, শেয়ার, নগদ অর্থ ও অন্যান্য সম্পদের হিসাব রাখতে হবে। ব্যাংকঋণ বা অন্য কোনো আর্থিক দায় থাকলে তা–ও উল্লেখ করতে হবে। সংসার, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, যাতায়াতসহ সারা বছরের ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের হিসাবও প্রস্তুত রাখা জরুরি।

কারণ আয়, ব্যয়, সম্পদ ও দায়ের মধ্যে যৌক্তিক সামঞ্জস্য থাকা প্রয়োজন। নতুন জমি, ফ্ল্যাট বা গাড়ি কিনলে অর্থের উৎস কী, তার ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে। কোনো তথ্য গোপন করা বা অনুমানের ভিত্তিতে হিসাব দেওয়া উচিত নয়।

২০২৬–২০২৭ করবর্ষে অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিসহ নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতাকে এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা চাইলে অনলাইনে অথবা প্রচলিত নিয়মে পেপার রিটার্ন জমা দিতে পারেন।

আমার বিবেচনায়, এই সুযোগ আরও সহজ ও কার্যকর করা প্রয়োজন। কারণ দেশের সব মানুষের প্রযুক্তিগত দক্ষতা এক নয়। কেউ প্রবীণ, কেউ অসুস্থ, আবার কেউ কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত নন। অনেকের প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধাও নেই। এসব বাস্তব সমস্যা বিবেচনায় নিতে হবে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কোনো নাগরিক যেন তাঁর আইনগত দায়িত্ব পালনে বাধার মুখে না পড়েন।

অনেক করদাতা কম্পিউটারের দোকান বা অন্য কারও সাহায্যে রিটার্ন জমা দেন। এতে তাঁদের বাড়তি অর্থ খরচ হয়। অনেক সময় যিনি রিটার্ন তৈরি করেন, করদাতা নিজেই জানেন না সেখানে কী তথ্য দেওয়া হয়েছে। আয়, সম্পদ, ব্যয় কিংবা করের হিসাব ঠিক আছে কি না, তা–ও যাচাই করেন না।

ধরা যাক, একজন প্রবীণ ব্যক্তির ব্যাংকে সঞ্চয়, সঞ্চয়পত্র ও জমি রয়েছে। তিনি কম্পিউটার ব্যবহার করতে পারেন না। অন্যের সাহায্যে রিটার্ন জমা দিলেন। কিন্তু ভুলবশত কোনো সম্পদের তথ্য বাদ পড়লে বা আয় ভুলভাবে দেখানো হলে ভবিষ্যতে তাঁকেই সমস্যায় পড়তে হবে।

তাই অন্যের সাহায্য নিলেও রিটার্নের প্রতিটি তথ্য বুঝে নিতে হবে। জমা দেওয়ার আগে আয়, ব্যয়, সম্পদ, দায় ও করের হিসাব যাচাই করতে হবে। কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধন করিয়ে নিতে হবে। না বুঝে কখনো রিটার্ন চূড়ান্ত করা উচিত নয়।

ই–রিটার্ন ব্যবস্থাকে আরও কার্যকর করতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের একটি সমস্যা সমাধান করা জরুরি। সেটি হলো বিভিন্ন কোম্পানি থেকে পাওয়া লভ্যাংশ এবং তার বিপরীতে উৎসে কর্তিত করের তথ্য সংগ্রহের জটিলতা।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি, বন্ড ও মিউচুয়াল ফান্ডে অনেক বিনিয়োগকারীর অর্থ বিনিয়োগ করা রয়েছে। তাঁরা বছরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ পান। প্রযোজ্য ক্ষেত্রে লভ্যাংশ দেওয়ার সময় উৎসে আয়করও কেটে রাখা হয়।

কিন্তু রিটার্ন জমা দেওয়ার সময় কোন কোম্পানি কত টাকা লভ্যাংশ দিয়েছে এবং কত টাকা কর কেটেছে, তা সংগ্রহ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। একাধিক কোম্পানিতে বিনিয়োগ থাকলে প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে কর কর্তনের সনদ বা চালান সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে।

এ সমস্যার সমাধানে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু করা যেতে পারে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যের মতো শেয়ারবাজারের লভ্যাংশ ও উৎসে করের তথ্যও কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা প্রয়োজন। বিনিয়োগকারীরা যেন একটি নির্দিষ্ট অনলাইন ব্যবস্থায় নিজেদের সব তথ্য দেখতে ও সংগ্রহ করতে পারেন। এ বিষয়ে এনবিআর ও বিএসইসির যৌথ উদ্যোগ প্রয়োজন। এতে সময় ও অর্থ বাঁচবে, করের হিসাবও হবে আরও নির্ভুল ও স্বচ্ছ।

আমরা অবশ্যই চাই, আয়কর ব্যবস্থা আধুনিক ও ডিজিটাল হোক। করদাতারা ঘরে বসে নিজের রিটার্ন জমা দিতে পারবেন এটি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। এতে সময়, অর্থ ও শ্রম বাঁচবে। কিন্তু ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি যাঁরা বাস্তব কারণে অনলাইনে রিটার্ন দিতে পারবেন না, তাঁদের জন্য পেপার রিটার্নের সুযোগও থাকতে হবে।

বয়স, অসুস্থতা, প্রযুক্তিগত অদক্ষতা, পরিচয় যাচাইয়ের সমস্যা কিংবা ই–রিটার্নের সার্ভার ও সফটওয়্যারের ত্রুটির কারণে কেউ অনলাইনে রিটার্ন দিতে না পারলে তাঁকে যেন হয়রানির শিকার হতে না হয়। নির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করলে দ্রুত অনুমতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবেদনপ্রক্রিয়াও সহজ ও সময়সাশ্রয়ী হওয়া প্রয়োজন।

পেপার রিটার্নের সুযোগ রাখা মানে ডিজিটাল ব্যবস্থার বিরোধিতা করা নয়; বরং সব শ্রেণির করদাতাকে কর ব্যবস্থার আওতায় আনার একটি বাস্তবসম্মত উদ্যোগ। মনে রাখতে হবে, ডিজিটাল ব্যবস্থা মানুষের সুবিধার জন্য, মানুষকে অসুবিধায় ফেলার জন্য নয়।

প্রবীণ ও প্রযুক্তিতে অনভিজ্ঞ করদাতাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা জরুরি। আমার ২৬ বছরের প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সহজ ভাষায় বুঝিয়ে বললে মানুষ নিয়ম মেনে চলতে আগ্রহী হন। ভয় দেখিয়ে নয়, সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে করদাতাকে উৎসাহিত করতে হবে। তাঁর সময়, অর্থ ও মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে।

আমাদের প্রত্যাশা, ই–রিটার্ন আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ হবে। সাধারণ মানুষ নিজেই ঘরে বসে রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে যাঁদের বয়স, অসুস্থতা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, তাঁদের জন্য পেপার রিটার্নের সুযোগ কার্যকর থাকবে। শেয়ারবাজারের বিনিয়োগকারীরা সহজেই উৎসে করের তথ্য পাবেন। এনবিআরের সহায়তা ব্যবস্থাও হবে আরও জনবান্ধব।

আধুনিক কর ব্যবস্থা মানে শুধু প্রযুক্তির ব্যবহার নয়। এর মূল লক্ষ্য হতে হবে করদাতার সুবিধা ও সন্তুষ্টি। করদাতা যেন সহজে নিজের দায়িত্ব পালন করতে পারেন, সঠিক তথ্য দিতে পারেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা পান সেটিই নিশ্চিত করা জরুরি।

আয়কর রিটার্ন জমা দেওয়া যেন সাধারণ মানুষের কাছে ভীতিকর বা জটিল কাজ হয়ে না ওঠে। বরং এটি হোক সহজ, স্বচ্ছ ও স্বস্তিদায়ক নাগরিক সেবা। করদাতার আস্থা বাড়লে স্বেচ্ছায় কর দেওয়ার প্রবণতা বাড়বে, বাড়বে রাজস্ব আয় এবং শক্তিশালী হবে দেশের অর্থনীতি।

লেখক: প্রশিক্ষক ও রিসোর্স পারসন এবং সদস্য, ট্যাক্সেস বার, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধকার্যকর প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন জরুরি
পরবর্তী নিবন্ধচীনে ট্রাম্প-পুতিন-শি শীর্ষ বৈঠক: কী অর্জিত হলো