চীনে ট্রাম্প-পুতিন-শি শীর্ষ বৈঠক: কী অর্জিত হলো

বিকাশ চৌধুরী বড়ুয়া | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

চীনের শেনজেন শহরে সমপ্রতি ত্রি–পরাশক্তির যে বৈঠক হয়ে গেলো তার ফলাফল নিয়ে নানা ধরনের কথাবার্তা হলেও অস্বীকার করার জো নেই যে এই বৈঠক ছিল ‘ঐতিহাসিক‘। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীন প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন – এই তিন নেতার এই প্রথম একান্তে বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনায় বসা। এর আগে তারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন। মানুন আর নাই মানুন এই তিন নেতার উপর যে বিশ্ব পরিস্থিতির ভালোমন্দ অনেক কিছু নির্ভর করছে তাতে কোন সন্দেহ নেই। এই শীর্ষ–বৈঠক শেষে একটি ‘যৌথ শান্তি ঘোষণাপত্র‘ বা ‘পীচ ডিক্লারেশন‘ বেরিয়ে আসে। প্রায় দেড় ঘন্টার এই শীর্ষ বৈঠক হয়েছিল এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে, শেনজেনের কিলিন ভিলায়।বৈঠকটি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা, কেননা বিশ্বের তিন প্রধান পারমাণবিক শক্তির রাষ্ট্রপ্রধানরা একই টেবিলে বসেছিলেন। লক্ষ্য বিশ্বশান্তি। তবে সে লক্ষ্যে এই বৈঠক কতটুকু সফল হয়েছে এই নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা বৈঠক শেষে ‘পীচ ডিক্লারেশন‘ নামে যে ঘোষণা এসেছে তার সঙ্গে বিশ্বের প্রত্যাশার বেশ কিছু পার্থক্য রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকটি আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, পাশাপাশি আন্তর্জাতিক সংকট সমাধানের ক্ষেত্রে তেমন কোন উল্লেখযোগ্য সাফল্য দেখাতে সক্ষম হয়নি বলে তারা মনে করেন। চুক্তির কথা বাদই দেয়া গেল, ঘোষণায় এমনকী ইউক্রেন–যুদ্ধের কোন উল্লেখও নেই। তাতে স্বাভাবিক কারণে উৎফুল্ল হতে পারেননি ন্যাটো এবং ইউরোপের নেতারা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই বৈঠককে ‘ফটো–সেশনের‘ সাথে তুলনা করে বলেন, ‘ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না‘। ইউরোপের উদ্বেগের যে কয়েকটি কারণ তার একটি হলো, রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সখ্য। পুতিনকে দেখে তার (ট্রাম্প) সবার সামনে ‘হি ইজ মাই ফ্রেন্ড‘ বলে সম্বোধন ছাড়াও ইউক্রেন–ইস্যুতে নানা সময় পুতিনের পক্ষ নেয়া ইউরোপের নেতারা ভালো চোখে দেখছেন না। এই প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জন্যে পুতিন বন্ধু হতে পারেন, কিন্তু তিনি আমাদের কাছে একজন খুনি ও শত্রু। তিনি প্রতিদিন আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করে চলেছেন‘। ইউরোপ মনে করে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ইউক্রেনের প্রতি পশ্চিমা–সমর্থন দুর্বল করতে পারে। আমেরিকা, রাশিয়া ও চীন যদি তাদের নিজেদের স্বার্থে ইউরোপকে পাশ কেটে সিদ্ধান্ত নেয়, তাহলে তা ইউরোপকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। তাদের যুক্তি হলো, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের ভবিষৎ নিয়ে কোন স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়ন কঠিন।

শীর্ষ বৈঠক কতটুকু সফল হয়েছে সেদিকটা দেখার আগে দেখা যাক এর ব্যর্থতা কোথায় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলা বাহুল্য, ইউরোপের জন্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌথ ঘোষণায় এই নিয়ে কোন উল্লেখ নেই। হয়নি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের কোন চুক্তি। দ্বিতীয়ত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চাইলেও, নুতন কোন অস্ত্র হ্রাস চুক্তি কিংবা আলোচনার নির্দিষ্ট কোন সময় বা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়নি। তৃতীয়ত, ইরানকে ঘিরে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে কোন কার্যকর সমঝোতা হয়নি। চতুর্থত জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ এবং পারমাণবিক ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা হলেও এই নিয়ে নির্দিষ্ট কোন পরিকল্পনার কথা উল্লেখ নেই ঘোষণা পত্রে। অর্থাৎ পারমাণবিক ঝুঁকি কমানোর লক্ষ্যে কে কী করবে, কীভাবে অগ্রগতি নির্ণয় করা হবে– এই নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি। কেবল পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্র বিস্তার রোধে আলোচনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে ফলাও করে ঘোষণা দেয়া হয়েছে যে, চীন, আমেরিকা ও রাশিয়া – এই তিন দেশ ঐক্যমত হয়েছে যে ‘পারমাণবিক যুদ্ধে কেউ জিততে পারেনা এবং এই যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়‘।

বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে। তা হলো, ‘সব শেয়ালের এক রা‘। কথাটা এই কারণে বলা –হল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত সহ আন্তর্জাতিক বিচার ব্যবস্থার এখতিয়ার ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি নিয়ে এই তিন শীর্ষ নেতা তাদের যৌথ অবস্থান তুলে ধরেন। মজার ব্যাপার হলো, আন্তর্জাতিক অপরাধ আদালত (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরো পাঁচ রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনীয় শিশুদের বেআইনি ভাবে নির্বাসন ও স্থানান্তরের অভিযোগ রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার শিশু অধিকার কমিশনার, মারিয়া লভোভা–বেলোভার বিরুদ্ধে। যদিওবা রাশিয়া এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতার বিরুদ্ধে বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে নিজ দেশে। মজার ব্যাপার হলো এই তিন বিশ্ব নেতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শোনা যায়। সমালোচকরা বলেন, আর এই পয়েন্টে এই তিন নেতা এক হয়ে একই সুরে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ আন্তর্জাতিক সংস্থাগুলির বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে তাদের অভিমত প্রকাশ করেন। তারা জাতিসংঘকে আরো কার্যকর করার বিষয়ে ঐক্যমত হয়েছেন বলে জানা যায়।

২) কে লাভবান হলেন বেশি? কেউ কেউ এই শীর্ষ বৈঠককে ব্যক্তিগত অর্জনটাকে বড় করে দেখাতেই চাইছেন। তাদের অভিমত এই তিন নেতার ছিল নিজ নিজ এজেন্ডা, ভিন্ন উদ্দেশ্য। এই বৈঠক কার ঝুড়িতে কী ভরালো সে প্রসঙ্গটিও আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনজনের মধ্যে বেশি লাভবান হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন–যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে তার বিরুদ্ধে সমালোচনার কারণে তিনি পশ্চিমা বিশ্ব থেকে একটু বাইরে রয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে নানা অর্থনৈতিক ও রাজনৈতিক বিধিনিষেধ জারি করা হয়েছে। পুতিন ছিলেন কিছুটা একঘরে। শেনজেন শীর্ষ বৈঠকের কারণে তিনি বিশ্ব রাজনৈতিক মঞ্চের কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন আবার। পশ্চিমা বিশ্বের সাথে দূরত্ব থাকা সত্ত্বেও পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের একই মঞ্চে একই টেবিলে বসেছেন। তাকে খোশ মেজাজে দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ‘আমার বন্ধু‘ বলে সম্বোধনে তিনি আপ্লুত হয়েছেন। এই বৈঠকের মাধ্যমে তার যে আন্তর্জাতিক একঘরে চিত্র ছিল, তা বহুলাংশে বলা চলে দূর হয়েছে। এই বৈঠক ইউক্রেনকে ঘিরে তার উপর কোন চাপ সৃষ্টি করতে পারেনি। আন্তর্জাতিক ও ইউরোপীয় চাপ থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কোন নুতন ছাড় দেননি। উল্টো যুদ্ধ বন্ধ না হওয়ার জন্যে সমস্ত দোষ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপর চাপিয়ে দিয়েছেন। এবার দেখা যাক ট্রাম্পের ব্যক্তিগত অর্জনটা কী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো সময়টায় নিজেকে ‘শ্রেষ্ঠ‘ হিসাবে উপস্থিত করার চেষ্টা করেছেন। কতটুকু সফল হয়েছেন সে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি নিজেকে বিশ্ব–শান্তির সেরা মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরতে চেয়েছেন। শেনজেন বৈঠক ছিল তার জন্যে ব্যক্তিগত কূটনীতির একটি মঞ্চ। তিনি তার ব্যক্তিগত কূটনীতি ও আন্তর্জাতিক প্রচারের সুযোগ ব্যবহার করেছেন। যদিওবা ইরান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন এবং পারমানবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে তেমন কোন বড় ধরনের সমঝোতা আনতে সক্ষম হননি। বরঞ্চ তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের আন্তর্জাতিক অবস্থানকে আরো দৃঢ় করেছেন বলে অনুমান করা হচ্ছে। তাকে (পুতিন) ‘একঘর‘ থেকে বের করে এনেছেন। সব শেষে চীন প্রেসিডেন্ট সি। কেউ কেউ মনে করেন বিজয়ের হাসি হেসেছেন চীনের প্রেসিডেন্ট সি। তিনি নিজ দেশের মাটিতে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ নেতাকে এক টেবিলে বসিয়েছেন এবং চীনকে গ্লোবাল ডিপ্লোমেসি বলয়ের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন, দৃশ্যমান করেছেন চীনের কূটনৈতিক নেতৃত্বের। আমেরিকা ও রাশিয়ার সঙ্গে আলোচনায় চীনের গুরুত্ব প্রতিষ্ঠা করেছেন। মোট কথা তিন নেতাই কিছু না কিছু অর্জন করেছেন এই শীর্ষ বৈঠক থেকে।

প্রশ্ন আসে– এই শীর্ষ বৈঠকে সাধারণ জনগণ কী অর্জন করলেন? তাদের প্রত্যাশা কতটুকু সফল হয়েছে? আদৌ হয়েছে কি? সাধারণ জনগণ প্রত্যাশা করেছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ‘কংক্রিট’ কোন সিদ্ধান্ত বেরিয়ে আসবে। তারা আরো আশা করেছিলেন ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি দিক নির্দেশনা আসবে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার স্থিতিশীল করার লক্ষ্যে কোন সিদ্ধান্ত আসবে। কিন্তু হতাশজনক ব্যাপার হলো, এই সমস্ত বিষয়ে তেমন কোন বাস্তব সমাধান আসেনি। আগামী দিনে এই সমস্ত বিষয়ে অর্থবহ ও বাস্তব অগ্রগতি না হলে চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ঘোষিত ‘যৌথ শান্তি ঘোষণা‘ কেবল যে একটি ‘সিম্বলিক‘ বা ‘প্রতীকী কূটনৈতিক দলিল হিসাবে বিবেচিত হবে সে কথা বলা বাহুল্য। (২৫–১১–২০২৬)।

লেখক : সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধকরদাতার সক্ষমতা ও বাস্তব সমস্যা বিবেচনায় ই-রিটার্ন আরও করদাতাবান্ধব হোক
পরবর্তী নিবন্ধরশিদ মিয়া ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের কাজ শুরু