রেললাইন পাহারায় দুই হাজার আনসার থাকছে আজ থেকে

নাশকতা ঠেকাতে পূর্বাঞ্চলের ২৫ নির্দেশনা চট্টগ্রামে সাড়ে ৫শ সদস্য, রাতে চলবে ট্র্যাক পেট্রোলিং

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

সামপ্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার প্রেক্ষাপটে বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও রেল সম্পদের সুরক্ষায় কড়া নির্দেশনা দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।

এই ব্যাপারে গত ২৬ নভেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম –এর কার্যালয় থেকে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই ২৫ দফা নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নে এক কন্ট্রোল অর্ডার জারি করা হয়। জিএম কার্যালয়ের এমন নির্দেশনা পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ব্যাপারে আরএনবি চট্টগ্রাম বিভাগের সহকারী কমান্ড্যান্ট (ডিভিশন, অতিরিক্ত দায়িত্ব) মো. সালামত উল্লাহ আজাদীকে বলেন, জিএম–এর নির্দেশনার পর চট্টগ্রাম ও ঢাকাসহ প্রতিটি বিভাগীয় কর্মকর্তা ও স্টেশন মাস্টাররা প্রস্তুতি শুরু করেছেন। আমাদের আরএনবির পক্ষ থেকে রেল স্টেশন, রেলওয়ের যাত্রী, রেলওয়ের স্থাপনা লোকোশেড, ক্যারেজশপ, ডিজেলশপ, ওয়ার্কশপ এবং ফুয়েল স্টোরেজ এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রী ও স্থাপনার নিরাপত্তায় দুই হাজার আনসার দেয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে প্রায় সাড়ে ৫শ’র মতো দেয়া হয়েছে। আনসার সদস্যরা প্রতি কিলোমিটার হিসেবে রেল লাইন পাহারা দেবেন। ২৮ তারিখ থেকে (আজ থেকে) আনসার সদস্যরা দায়িত্ব পালনের কথা রয়েছে।

রেলওয়ের স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানদের কাছ থেকে খবর নিয়ে জানা গেছে, কন্ট্রোল অর্ডারের মাধ্যমে সব বিভাগীয় কর্মকর্তা ও স্টেশন মাস্টারদের কাছে পাঠানো এই নির্দেশনায় প্রতিটি সেকশনে রেলওয়ে ট্র্যাকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় রাতে ট্র্যাক পেট্রোলিং চালানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট এলাকায় বিশেষ পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং সন্দেহজনক বস্তু, কাটিং, ফিশপ্লেট অপসারণ বা ট্র্যাক বিকৃতি নজরে এলে দ্রুত কন্ট্রোল ও সংশ্লিষ্টদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জিএমের এই নির্দেশনায় লোকোশেড, ক্যারেজশপ, ডিজেলশপ, ওয়ার্কশপ এবং ফুয়েল স্টোরেজ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ ও বিশেষ নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রবেশ ও বহির্গমন পথ সীমিত করে প্রত্যেক প্রবেশকারীর পরিচয় যাচাই, সিসিটিভি পর্যবেক্ষণ এবং গার্ড রেজিস্ট্রার নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি জ্বালানিবাহী ট্রেন চলাচল ও জ্বালানি লোডিং–আনলোডিং কার্যক্রমেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্টেশন বা ইয়ার্ডে অবস্থানরত ক্যারেজ ও লোকোমোটিভের সুরক্ষায় পর্যাপ্ত আলো ও পাহারার ব্যবস্থা রাখার পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি চোখে পড়লে তাৎক্ষণিক নিরাপত্তা ও আইন–শৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ও জোনাল কন্ট্রোলে ইমারজেন্সি অফিসারদের দায়িত্ব পালন এবং বিভাগীয় কন্ট্রোলে কর্তব্যরত প্রকৌশল বিভাগের কর্মীদের গেটকিপারসহ অন্যান্য কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের বেলা অপ্রয়োজনীয় কর্মচারীদের ইয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ রাখার পাশাপাশি সিগন্যাল ও কেবিন রুমে অপরিচিতদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।

প্রতিদিন কেবিনের লক, টেলিফোন, ইন্সট্রুমেন্ট ও সিগন্যাল প্যানেল পরীক্ষা করা এবং স্টেশন এলাকায় পর্যাপ্ত আলো ও সিসিটিভি সচল রাখার নির্দেশনাও রয়েছে। নির্দেশনায় জিআরপি ও আরএনবিকে যৌথভাবে টহল রুটিন অনুযায়ী স্টেশন, ইয়ার্ড ও প্ল্যাটফর্ম পরিদর্শন করতে বলা হয়েছে।

টিকিট কাউন্টার, লাগেজ রুম ও ওয়েটিং রুমে সন্দেহজনক ব্যাগ বা ব্যক্তি শনাক্তে সতর্ক থাকার পাশাপাশি কোনো নাশকতা, চুরি বা ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক কন্ট্রোল অফিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

সব ট্রেন, স্টেশন ও কেপিআই স্থাপনায় প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা, বন্ধ স্টেশনের পয়েন্টগুলোর নিরাপত্তা রাখা, লোকোমোটিভ ও পাওয়ার কারে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে হকার, ভিক্ষুক ও ভবঘুরেদের প্রবেশ রোধ করা এবং এমটি রেক ওয়াশপিটে নেওয়া ও ছাড়ার সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ অধিক্ষেত্রে এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও মনিটরিং করার তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনার অনুলিপি ঢাকা ও সিলেটের স্টেশন ম্যানেজার, ঢাকা, আখাউড়া, কুলাউড়া ও ময়মনসিংহের টিআইটি, আখাউড়া ও ময়মনসিংহের এসএস, ঢাকার সিএনএল, সিপিএনএল ও টিএক্সআর কন্ট্রোল, ঢাকা বিভাগের সব ওসিজিআরপি, ঢাকা ও সিলেটের জিআরপি, কন্ট্রোল এবং ঢাকা, ময়মনসিংহ, আখাউড়া ও সিলেটের পয়েন্টসম্যানকে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি মোতায়েন
পরবর্তী নিবন্ধসিনেমা প্যালেস এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক