কর্ণফুলী টানেলের লোকসান কমাতে বিকল্প সড়ক প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে

১ম পর্যায়ে আনোয়ারা-বরকল সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ,আড়াই কিমি বাইপাস সড়ক নির্মাণ, ব্যয় ১৬৮ কোটি টাকা

এম নুরুল ইসলাম, আনোয়ারা | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী টানেলের লোকসান কমানো, যানবাহন চলাচল বৃদ্ধি এবং দক্ষিণ চট্টগ্রামের সড়ক যোগাযোগব্যবস্থা সহজ করতে ৪৬২ কোটি টাকার বিকল্প সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৬৮ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা–বরকল সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণসহ আড়াই কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হবে আগামী ডিসেম্বরে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা এলাকায় দরপত্রের মাধ্যমে বিক্রি করা গাছ কাটার কাজ চলছে।

কর্ণফুলী টানেল দিয়ে চলাচলকারী যানবাহন যাতে দ্রুত সময়ে কক্সবাজার, মহেশখালী ও মাতারবাড়ি পৌঁছাতে পারে, সে লক্ষ্যে দোহাজারী–কক্সবাজার রেলপথ এবং পটিয়া–কক্সবাজার ছয় লেনের সড়কের সঙ্গে সংযোগ স্থাপনে এ প্রকল্প গ্রহণ করে দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগ (সওজ)। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬২ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন পায়।

প্রকল্পের ডব্লিউপি–০২ প্যাকেজের আওতায় আনোয়ারার কালাবিবির দীঘি মোড় থেকে শোলকাটা, জয়কালী বাজার থেকে বরকল এবং শোলকাটা থেকে ছৈয়দকুছাইয়া মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বাইপাসসহ মোট ১০ দশমিক ৮৮ কিলোমিটার সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ করা হবে। এতে ব্যয় হবে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

গত বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বিশেষ কমিটির বৈঠকে এ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ বাস্তবায়নে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে আটটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে সর্বনিম্ন দরদাতা স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে কর ও ভ্যাটসহ উল্লিখিত অর্থে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে বিকল্প যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি কর্ণফুলী টানেলের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের সংযোগ স্থাপনের লক্ষ্যে আনোয়ারা থেকে চন্দনাইশ পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

এ প্রকল্পের আওতায় কালাবিবির দীঘি মোড় থেকে শোলকাটা হয়ে ছৈয়দকুছাইয়া মোড় পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ করা হবে। সড়কটি আনোয়ারা–বরকল হয়ে চন্দনাইশের গাছবাড়িয়া পর্যন্ত যোগাযোগ সহজ করবে। এতে কর্ণফুলী টানেল দিয়ে আসা যানবাহন সহজেই কক্সবাজারগামী মূল সড়কে উঠতে পারবে। পাশাপাশি দোহাজারী রেলস্টেশনে যাতায়াতও সহজ হবে।

দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, বিকল্প সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়কের উন্নয়নের লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বর মাসে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) একনেকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়।

দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিটু চাকমা জানান, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরেই প্রকল্পের কাজ শুরু হবে। এর প্রস্তুতি হিসেবে কালাবিবির দীঘি মোড় থেকে শোলকাটা পর্যন্ত সড়কের দরপত্রের মাধ্যমে বিক্রি করা গাছ অপসারণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার বাইপাসসহ মোট ১০ দশমিক ৮৮ কিলোমিটার সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী টানেলকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে টানেলে যানবাহন চলাচল বৃদ্ধি, যাতায়াতের সময় সাশ্রয় এবং দক্ষিণ চট্টগ্রামের ব্যবসা–বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালালেন মাদক কারবারি, উদ্ধার ২০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি মোতায়েন