উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে বিপাকে আছে রাউজান স্বাস্থ্য কেন্দ্র। গত প্রায় পাঁচ বছর ধরে রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বাইরে পড়ে আছে কোটি টাকা মূল্যের একটি লাইফ সাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। খবর নিয়ে জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রের বাইরে একটি টিনের ছাউনির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা এই অ্যাম্বুলেন্সটি করোনাকালে উপহার হিসাবে পাওয়া গিয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে।
স্বাস্থ্য কেন্দ্রের সাথে সংশ্লিষ্টরা বলেছেন, পাঁচ বছর আগে অ্যাম্বুলেন্সটি এনে যেভাবে রাখা হয়েছিল এখনো সেভাবে পড়ে আছে অভিভাবকহীন অবস্থায়।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বাইরে দক্ষিণ পশ্চিম কোণায় একটি ছোট জায়গায় টিন সেটের নিচে রাখা আছে দামি অ্যাম্বুলেন্সটি। গাড়িটির বডিতে লেখা রয়েছে ‘ফ্রম দ্যা পিপলস অব ইন্ডিয়া টু দ্যা পিপলস অব বাংলাদেশ।’
স্বাস্থ্য কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, দুই হাজার সালের শেষের দিকে ভারত সরকার মুমূর্ষু করোনা রোগীদের সেবাদানের জন্য উপহার হিসাবে দিয়েছিলো। অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেছিলেন রাউজানের তৎকালীন সংসদ সদস্য বর্তমান কারাবন্দি ফজলে করিম চৌধুরী। সূত্র মতে, ২০২১ সালের নভেম্বর মাসে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সাবেক এই সংসদ সদস্য উপস্থিত সরকারি কর্মকর্তাগণকে জানিয়েছিলেন রাউজানের করোনা আক্রান্ত রোগীদের সেবায় ভারত সরকার তাকে বিশেষায়িত এই অ্যাম্বুলেন্সটি উপহার হিসাবে দিয়েছেন। তিনি সভায় এই তথ্য প্রকাশ করে ভারত সরকারকে এই উপহারের জন্য ধন্যবাদ প্রস্তাব জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করেন। ওই সভায় প্রস্তাবটি রেজ্যুলেশনে অন্তর্ভুক্ত হয়েছিল। বর্তমানে অলস পড়ে থাকা গাড়িটি নিয়ে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই অ্যাম্বুলেন্সটি গ্রহণ অথবা হস্তান্তর প্রক্রিয়ার সাথে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের কোনো সম্পৃক্ততা ছিল না। তৎকালীন সংসদ সদস্যের নির্দেশনা মেনে সেই সময় এটি স্বাস্থ্য কেন্দ্রে এনে রাখা হয়েছে। তারা বলেছেন, দীর্ঘ সময় ধরে পড়ে থাকা দামি এই অ্যাম্বুলেন্সটির রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করা নিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ একাধিকবার ঊর্ধ্বতন মহলের কাছে চিঠি দিয়ে মতামত চেয়েছে। কিন্তু এই বিষয়ে কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. কামাল পাশা অ্যাম্বুলেন্সটি নিয়ে নিজের মতামত তুলে ধরে বলেন, ‘এটি পরিচালনা করতে যেই পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই পরিমাণ জ্বালানির বরাদ্দ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জ্বালানি বরাদ্দ এক সাথে করা হলে তাও কম হবে। তাছাড়া এই গাড়িটি ভিতরে যেসব সুবিধা রয়েছে সেসব সুবিধা নিশ্চিত করে ব্যবহার করতে হলে প্রশিক্ষিত চালক দরকার।’
খবর নিয়ে জানা যায়, বর্তমানে এই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুটি অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক আছেন মাত্র একজন।
অ্যাম্বুলেন্সটির বিষয়ে জানতে জেলা সিভিল সার্জনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার (টিএইচও) সাথে কথা বলার পরামর্শ দেন। টিএইচও মানষ কুমার চৌধুরী গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে বলেন, ‘তিনি নতুন যোগদান করেছেন। খবর নিয়ে পরে জানাবেন।’












