ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও আলেম-ওলামাদের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসায় ধর্ম প্রতিমন্ত্রী

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং আলেম–ওলামাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ের দায়িত্বে থাকা প্রতিনিধিদেরও সম্মানী দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গতকাল শুক্রবার পটিয়ায় আল–জামিয়া আল–ইসলামিয়া মাদ্রাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্মপ্রতিমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতা ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পটিয়া মাদ্রাসার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এ প্রতিষ্ঠান শুধু একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের ইতিহাস, আন্দোলন–সংগ্রাম ও নানা ত্যাগের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় এ প্রতিষ্ঠানে বোমাবর্ষণের ঘটনা ঘটে এবং অনেকে শহীদ হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মাদ্রাসার ছাত্র–শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ সময় অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে আলেম–ওলামারা নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার সময়ও এ মাদ্রাসার শিক্ষকরা নির্যাতনের শিকার হন। অতীতের এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করে। এসব উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শাপলা চত্বরের ঘটনার সঙ্গে জড়িতদের প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালালেও নতুন করে অপপ্রচার ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আলেম–ওলামা, ছাত্র–শিক্ষক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়ার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, পটিয়া পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদিবালোকে কাটা হচ্ছে সংরক্ষিত বনের গাছ