খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে একটি ইটভাটার চুল্লির মুখ ভেঙে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় মেসার্স এমএসআর ব্রিকসে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহমেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৫(১) ও ১৫ ধারায় ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ভাটার চুল্লির আগুন নেভানো হয়। পরে এক্সকেভেটর দিয়ে চুল্লির মুখ ভেঙে দেওয়া হয়, যাতে ভাটাটি আর চালু করা না যায়। পরিবেশদূষণ রোধ ও ভারসাম্য রক্ষায় পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।






