কর্ণফুলীতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার ঘটনায় দায়ের হওয়া মামলায় শেখ ইরফান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ ইরফান উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আলম সওদাগরের বাড়ির মো. আবছারের ছেলে। তিনি বাকলিয়া শহীদ এন এম জে কলেজ ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর কর্ণফুলীতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বিক্ষোভের ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। শেখ ইরফান ওই মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার (এসআই) তীথংকর দাশ। তিনি জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






