দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির আচরণবিধির লেভেল–১ এর ২.৯ ধারা ভঙ্গ করেছেন এবাদত। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা কাছাকাছি বিপজ্জনক ও অনুপযুক্তভাবে বল ছুড়ে মারাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ব্যাটার নিরাপদে ক্রিজে পৌঁছে যাওয়ার পরও তার দিকে বিপজ্জনকভাবে বল ছুড়ে মারেন এবাদত। আইসিসির বিবৃতিতে ঘটনাটিকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি এবাদতের প্রথম অপরাধ। নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এবাদতের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেঙ ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গুমা।











