সামনে কুকুর, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে বাইক, প্রাণ গেল দুজনের

মহেশখালীর ঘটনা, আহত একজন হাসপাতালে

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন ইকবাল হোছাইন (২৫)। দুই মামাতো–ফুফাতো ভাইকে নিয়ে নিজের মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায়। কিন্তু সেই ঘোরাঘুরি আর আনন্দের মুহূর্ত শেষ হয় মর্মান্তিক দুর্ঘটনায়। মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্টিলের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুই তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে প্রকল্প এলাকার ১০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজীপাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে সৌদি আরবপ্রবাসী ইকবাল হোছাইন (২৫) ও জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৬)। আহত হয়েছেন একই এলাকার মৃত দেলোয়ার হোছাইনের ছেলে মো. কাইয়ুম (২৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইকবাল দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। গতকাল নিজের মোটরসাইকেলে মামাতো–ফুফাতো ভাই শাহীন ও কাইয়ুমকে নিয়ে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ১০০ ফুট সড়কের মাথায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের স্টিলের রেলিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শাহীন মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত ইকবাল ও কাইয়ুমকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে ইকবালের মৃত্যু হয় বলে জানান স্বজনেরা। গুরুতর আহত কাইয়ুম বর্তমানে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তিন তরুণের মধ্যে দুজনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর ও রুকমীলার ১০ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধদুই ভাইসহ তিনজনের প্রাণ গেল মোটরসাইকেলের সংঘর্ষে