জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (এনএসসি) (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ বলেছেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সব ধরনের খেলা চলমান থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জেলা সুইমিংপুল পরিদর্শন করেন। জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (ক্রীড়া) পদে দায়িত্ব গ্রহণের পর এটা ছিল তাঁর প্রথম চট্টগ্রাম সফর। এসময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (ফেডারেশন) মোহাম্মদ সাজিব বিন জাহিদ। পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রসঙ্গে জাহেদ পারভেজ বলেন, ‘এই মাঠ নিয়ে সরকারের পলিসি যেটা আছে তা নিয়ে বাফুফের সাথে আলোচনা চলছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ নিয়ে যাওয়াটা স্থায়ী নয়। তারা সিডিউল অনুযায়ী তাদের খেলা চালাবে। বাকী সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম যথানিয়মে চলবে। আমরা চেষ্টা করছি খেলাধুলার উন্নয়নে চট্টগ্রামে আরও কিছু বিকল্প মাঠের ব্যবস্থা করতে। যেখানে সারা বছর খেলাধুলা চলতে পারে। এই মাঠের সংস্কার ও যথাযথ ব্যবহার প্রয়োজন। চট্টগ্রামের সব ধরনের খেলা এই মাঠে হয়ে আসছে এবং তা এই মাঠেই চলমান থাকবে। বর্তমানে স্টেডিয়ামের আশে পাশের এলাকায় খেলাধুলার পরিবেশ নাই। দোকানপাট ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এই স্টেডিয়ামকে কেন্দ্র করে। আমরা এইগুলোর বিরুদ্ধে আগামীতে ব্যবস্থা নেব।’ তিনি বলেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রাঙ্গণকে সোলার সিস্টেমের আওতায় আনা হবে। পরিদর্শনকালে তিনি চট্টগ্রামের এই দুটি স্টেডিয়াম ও সুইমিংপুলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং আগামীতে এই সব স্থাপনার সুযোগ সুবিধা বৃদ্ধি, সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও খেলা দেখতে আসা দর্শকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা চট্টগ্রাম আবদুল বারী, জাতীয় ক্রীড়া পরিষদ উপ পরিচালক শিহাব উদ্দিন প্রমুখ।












