ছোটবেলায় ক্লাসরুমের চার দেয়ালের ভেতর কেমন ছিলেন লিওনেল মেসি? ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এই কৌতূহল মিটিয়েছে আর্জেন্টাইন মহাতারকার শৈশবের একটি পুরোনো মার্কশিট বা গ্রেডবুক। আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির প্রাইমারি স্কুল ‘এস্কুয়েলা নম্বর ৬৬ জেনারেল লাস হেরাস’–এর সপ্তম শ্রেণির হাতে লেখা অফিশিয়াল রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী, পড়াশোনায় তিনি ছিলেন একেবারেই গড়পড়তা একজন ছাত্র, তবে খেলার মাঠে তখনও ছিলেন অপ্রতিরোধ্য। আর্জেন্টিনার প্রধান সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ এবং ক্রীড়া সাংবাদিক পাবলো গিরাল্টের মাধ্যমে প্রকাশ্যে আসা স্কুলের সেই মূল নথিতে দেখা যায়, ১০ নম্বরের মূল্যায়নে শারীরিক শিক্ষা বিষয়ে পুরো ১০–এ ১০ পেয়েছিলেন ক্ষুদে মেসি। সৃজনশীল ও নৈতিক বিষয়গুলোতেও তার ফলাফল ছিল বেশ ভালো। চারুকলা ও সংগীতে তিনি পেয়েছিলেন ৮ এবং নৈতিক শিক্ষায় পেয়েছিলেন ৭। তবে মূল একাডেমিক বিষয়গুলোতে তার নম্বর ছিল সাধারণ মানের। গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তি; এই পাঁচটি বিষয়ের প্রতিটিতে তিনি ১০–এর মধ্যে ৬ করে নম্বর পেয়ে কোনোমতে পাস করেছিলেন। মেসির শৈশবের স্কুল ‘জেনারেল লাস হেরাস’–এর শিক্ষিকাদের স্মৃতিচারণেও উঠে এসেছে তার সেই সময়ের নানা অজানা গল্প। স্কুলের প্রাক্তন শিক্ষিকা আন্দ্রেয়া সোসা এবং মনিকা ডোমিনার মতে, ক্লাসরুমে মেসি ছিলেন অত্যন্ত লাজুক, চুপচাপ ও ভদ্র স্বভাবের একটি ছেলে। তিনি খুব একটা কথা বলতেন না এবং শেষের সারির বেঞ্চে বসতেই বেশি পছন্দ করতেন। পড়াশোনায় খুব একটা মনোযোগী না হওয়ায় অনেক সময় সহপাঠীদের সাহায্য নিতেন মেসি। কিন্তু স্কুলের টিফিনের ঘণ্টা বাজলেই কিংবা খেলার মাঠে পা রাখলেই সম্পূর্ণ বদলে যেত তার রূপ। ফুটবল পায়ে পেলে সেই লাজুক ছেলেটিই হয়ে উঠতেন মাঠের রাজা। নিজের পড়াশোনার এই দুর্বলতার কথা অবশ্য মেসি নিজেও কখনো লুকাননি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন যে, ছোটবেলায় বই–খাতায় তার মন বসত না। পড়াশোনায় ফাঁকি দেওয়ার কারণে মাঝেমধ্যেই বিপাকে পড়তে হতো তাকে। মেসি জানিয়েছিলেন, পরীক্ষার ফলাফল ভালো না হলে শিক্ষকরা এবং তার মা–বাবা তাকে ফুটবল খেলতে না দেওয়ার ভয় দেখাতেন। শুধুমাত্র প্রিয় ফুটবল নিয়ে মাঠে নামার লোভেই কোনোমতে পড়াশোনা চালিয়ে নিতেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি। রোজারিওর সেই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে মাত্র ১৩ বছর বয়সেই উন্নত চিকিৎসা ও ফুটবল ক্যারিয়ারের লক্ষ্যে পরিবারের সাথে স্পেনে পাড়ি জমান মেসি। সেখানে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’র অধীনে ‘লিও দ্বাদশ’ স্কুল থেকে নিজের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন ফুটবলের এই রাজপুত্র। পরবর্তী সময়ে বিশ্বসেরা ফুটবলার হয়ে উঠলেও শৈশবের সেই স্কুলটিকে ভোলেননি মেসি; নিজ ফাউন্ডেশনের মাধ্যমে স্কুলটির অবকাঠামোগত উন্নয়নে বড় অঙ্কের অনুদানও দিয়েছেন তিনি।








