পাঠানটুলী, আবদুল হামিদ, বেগমজান ও পতেঙ্গা স্কুলের জয়লাভ

আন্তঃস্কুল ফুটবলে তানভীর ও রাতুলের হ্যাট্রিক

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার আরো ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করেন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের তাওহিদ ইসলাম তানভীর। দিনের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাট্রিক করেন হালিশহর বেগমজান স্কুলের রাতুল। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৩০ গোলে সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শাহরিয়ার আলী ২টি এবং আল আমিন পাশা মেহেরাজ ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দল চট্টগ্রাম মহানগর সদস্য মোহাম্মদ এয়াকুব আলী। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় ৬০ গোলে রামপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে ৩টি গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের তাওহিদ ইসলাম তানভীর। এছাড়া মো. আরাফাত হোসেন ২টি ও ওমকার দত্ত ১টি গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ তাওহিদ ইসলাম তানভীরের হাতে পুরস্কার তুলে দেন শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির মিডিয়া কমিটির সদস্য সচিব ও ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ফারুক। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ৫০ গোলে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের মো. রাতুল হ্যাট্রিকসহ ৪টি গোল করেন। এছাড়া শফিকুর রহমান ১টি গোল দেন। ম্যান অব দ্যা ম্যাচ হালিশহর বেগমজান স্কুলের রাহুলের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ২০ গোলে পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে ১টি করে গোল করেন মিনহাজুল আবেদিন ও জুবায়ের।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা স্কুলের মিনহাজুল আবেদিনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধহ্যান্ডবলের ফাইনালে কল্লোল গ্রীণ ও চসিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সব খেলা চলমান থাকবে