আকবর ৭ গ্রুপ ক্রিকেটে ব্রাদার্স ও চন্দনাইশ একাডেমির জয়

আজ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং চন্দনাইশ ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৪০ রানের ব্যবধানে এসএস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘এইচ’ এর এই খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে মিফতাহুল আলম ৫৮,অধিনায়ক মো. জুনায়েদ হোসেন অপরাজিত ৩৫, সাদমান আল তাহসিন ২১ এবং আব্দুল্লাহ আল ফাহিম ২০ রান করেন। এসএস ক্রিকেট একাডেমির মো. মারুফ মারোয়ান এবং মো. ইয়াসিন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাবে এসএস ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান করে থেমে যায়। দলের পক্ষে অধিনায়ক অনুরাগ বড়ুয়া ২৭, মারুফ মারোয়ান অপরাজিত ১৯, মো. তাইমুল ইসলাম অপরাজিত ১৫ এবং এনামুল হক ১৫ রান করেন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির তানভীর রহমান এবং ফায়রিব হুমায়ুন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা ব্রাদার্স ক্রিকেট একাডেমির মিফতাহুল আলমের হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় এবং সভাপতি, বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন নিয়াজ উদ্দিন চৌধুরী। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় চন্দনাইশ ক্রিকেট একাডেমি ৪ উইকেটের ব্যবধানে সিএস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘ই’ এর এই খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিএস ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার ইভান রায়হান ৫১, আব্দুল্লাহ নূর ৩২ এবং অধিনায়ক মাহির আনোয়ার ২৪ রান করেন। চন্দনাইশ ক্রিকেট একাডেমির মারুফুর রহমান এবং বোরহান উদ্দিন ২টি করে উইকেট পান। লক্ষ্য তাড়া করতে নেমে চন্দনাইশ ক্রিকেট একাডেমি ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ওপেনার মো. মারওয়ান চৌধুরী ২৭,আবিদ হাসান ২৪, মেহেদী হাসান অপরাজিত ২৩, মারুফুর রহমান ১৫ এবং ওমর ফারুক ১৪ রান করেন। সিএস ক্রিকেট একাডেমির সৈয়দ ওবায়দুল আলম ২টি উইকেট পান। ম্যাচ সেরা চন্দনাইশ ক্রিকেট একাডেমির মো. মারওয়ান চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল আলম।

এদিকে গ্রুপ পর্ব শেষে আটটি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রতি গ্রুপের প্রথম দল হিসেবে শেষ আটে উঠেছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, সানরাইজ ক্রিকেট একাডেমি, চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স, সিএস ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি, কোয়ালিটি ক্রিকেট একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি। আজ ২৭ নভেম্বর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ার্টার ফাইনাল: জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি বনাম মিলেনিয়াম ক্রিকেট একাডেমি (সকাল ৮টা ৩০ মিনিট)। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: সানরাইজ ক্রিকেট একাডেমি বনাম চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স (দুপুর ১২টা ৪৫ মিনিট)। পরবর্তী ২টি কোয়ার্টার ফাইনাল যথাক্রমে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ নারী ফুটবল দলের নাম ঘোষণা