বাংলাদেশ নারী ফুটবল দলের নাম ঘোষণা

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফরাসি কোচ এরিক মেয়ার। এশিয়ান গেমসের দল থেকে ছয়টি পরিবর্তন এনেছেন তিনি। নতুন মুখ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ১৭ জনকে ধরে রেখেছেন মেয়ার। নতুন করে যুক্ত হয়েছেন ছয়জন। হিমি ও আইরিন জুনিয়র ছাড়াও দলে জায়গা পেয়েছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ায় স্বল্পমেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পান মেয়ার। সিঙ্গাপুর সফরের প্রস্তুতি তদারকি করতে গত ৯ নভেম্বর ঢাকায় আসেন এই ফরাসি কোচ। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় তিন সপ্তাহের অনুশীলন শেষে শুক্রবার ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এরপর রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে আবারও অনুশীলন শুরু করেন ফুটবলাররা। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের আগে খেলোয়াড়দের নিয়ে কাজ করার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না মেয়ার। তবে লক্ষ্য নিয়ে কোনো অস্পষ্টতা নেই তার। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই জয় চান এই কোচ। গোলরক্ষক পজিশনে এশিয়ান গেমসের দল থেকে জায়গা ধরে রেখেছেন রুপনা চাকমা ও মিলি আক্তার। তাদের সঙ্গে এবার জাতীয় দলে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হিমি। সিঙ্গাপুর সফরের ২৩ সদস্যের বাংলাদেশ দল গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি। ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন। মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী। ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।

পূর্ববর্তী নিবন্ধআগের ভালোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব