বৃষ্টি ও বন্যার পাশাপাশি অবৈধভাবে মাটি এবং পাহাড় কাটার কারণে এলাকার বসতবাড়ি বেশি ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, “যদি পুরো দোষটা আমি এই বৃষ্টি আর বন্যার উপরে দিই, তবে পুরোপুরি সত্যি হবে না। আপনাদের এলাকায় অবৈধভাবে যেভাবে মাটি কাটা হয়েছে, পাহাড় কাটা হয়েছে, সেটার কারণে মাটি এসে আপনাদের ঘরবাড়ির উপরে পড়ে বাড়িঘর নষ্ট হয়ে গেছে।’ পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় থাকা রাঙ্গুনিয়ার ৮০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার নাজনীন সেতু, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী আরও বলেন, এই অন্যায় ও অবৈধ কাজগুলো বন্ধ করতে হবে এবং নিজ এলাকার যেকোনো সমস্যা বা অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে প্রশাসনকে আগেভাগে অবগত করলে দ্রুত সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী স্পিডবোট যোগে কর্ণফুলী নদীর ভাঙনকবলিত এলাকাগুলো সশরীরে পরিদর্শন করেন।












