বান্দরবানে শাস্তিমূলক বদলি নয়, সৎ-যোগ্য কর্মকর্তা জরুরি

এনসিপি মুখ্য সংগঠক সারজিস

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবান যেহেতু দেশের একটি পিছিয়ে পড়া জেলা, তাই এ জেলাকে এগিয়ে নিতে এখানে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা প্রয়োজন। কোনো দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে বান্দরবান জেলায় না পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল রোববার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেছেন।

এসময় অন্যদের মধ্যে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলাম, বান্দরবান জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এনসিপি মূখ্য সংগঠক সারজিস আলম আরো বলেন, বান্দরবানের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনে যোগ্য ও জনবান্ধব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া জরুরি। সঠিক নেতৃত্ব ও দক্ষ প্রশাসনের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। বান্দরবানের উন্নয়নে কোনো সমপ্রদায়কে পিছিয়ে রেখে নয় বরং সকলের অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১৮তম ব্যাচের বিদায়
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে মাটি ও পাহাড় কাটা বন্ধ করা না গেলে দুর্যোগ কমবে না